দুই ঘণ্টা তালাবদ্ধ ছিলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা
প্রায় দুই ঘণ্টা তালাবদ্ধ থাকার পর মিটফোর্ড হাসপাতালসংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনাক্ষী মহাজনসহ শিক্ষক-কর্মচারীদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।নার্সিং ইনস্টিটিউটের হোস্টেল হাউস কিপার স্টাফ নার্স মরিয়ম বেগমের হোস্টেলের কক্ষে থাকতে চাওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সোমবার প্রতিষ্ঠানের মূলফটকে তালা দিয়ে ফটকের সামনে অবস্থান নেন। খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল, উপপরিচালক আবুল হাসেম খান ও কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রহমান তাঁদের উদ্ধার করেন।মরিয়ম বেগম হাসপাতালসংলগ্ন সেবিকাদের টিনশেড ভবনে থাকতেন। সম্প্রতি সেটি ভেঙে ফেলায় তিনি নার্সিং ইনস্টিটিউশনে থাকতে চান। কর্তৃপক্ষ তাঁকে ছাত্রীদের একটি কক্ষে থাকার ব্যবস্থা করেন। এতে শিক্ষার্থীরা বাধা দেন। এ নিয়ে গত বৃহস্পতিবারও শিক্ষার্থীরা মিছিল বের করেছিলেন।শিক্ষার্থীদের দাবি, একটি কক্ষে ১০-১২ জনকে গাদাগাদি করে থাকতে হয়। এরপর কক্ষের অংশ ছেড়ে দিলে তাঁদের সমস্যা আরও প্রকট হবে।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে জানান, হাসপাতালের একজন স্টাফ নার্স ইনস্টিটিউশনের হোস্টেলে থাকতে চান। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে থাকতে দিতে রাজি নন। পরে প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষার্থীরা সেখানে বসে থাকেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।