দুই ঘণ্টা পর চালু হলো মহানগর প্রভাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের দুটি বগির স্প্রিং বসে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় আজ শুক্রবার দুপুরে দুই ঘণ্টা আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের কয়েক হাজার যাত্রী। পরে বগি দুটি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে দুপুর দুইটার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।মহানগর প্রভাতীর পরিচালক নুরুল আলম চৌধুরী প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে যাত্রীবাহী ওই ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছিল। দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছার পর ট্রেনটির দুটি বগির স্প্রিং বসে যায়। এতে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। বগি দুটিতে অতিরিক্ত যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।বেলা একটার দিকে ট্রেনের কয়েকজন যাত্রী অভিযোগ করছিলেন, দুর্ঘটনার পর বসে যাওয়া বগি দুটি থেকে যাত্রীদের নামিয়ে ট্রেন চালুর চেষ্টা করেও লাভ হয়নি। স্টেশনমাস্টার অমৃত লাল সরকার মাইকিং করে ওই বগি দুটির যাত্রীদের নামতে অনুরোধ করলেও তাঁরা তাঁর কথা শুনছিলেন না। যাত্রীদের ট্রেন থেকে নামানোর ব্যাপারে রেলওয়ে পুলিশ (জিআরপি) কোনো উদ্যোগ নেয়নি বলেও তাঁরা অভিযোগ করেন।ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার কনস্টেবল হানিফ জানিয়েছিলেন, রেলস্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা কাগজে-কলমে কোনো নির্দেশ পাননি। নির্দেশ না থাকায় যাত্রীদের জোর করে নামানো যাচ্ছিল না। তবে দুপুর দুইটার দিকে টিকিট পরিদর্শকের (টিটিই) অনুরোধে ওই দুই বগির যাত্রীরা নিচে নেমে আসেন। তাঁরা পরবর্তী ট্রেন ও অন্যান্য যানবাহনে চড়ে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করেন।