দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
আন্তনগর ট্রেন পাহাড়িকার ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়া চারটি রেলপথ আবার চালু হয়েছে। এসব পথে এখন স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়ার পথে আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে কসবা স্টেশনের আগে পাহাড়িকা ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর লাইনে থাকা ট্রেনের অন্য বগিগুলো সরিয়ে নিলে বেলা পৌনে তিনটার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।রেলওয়ে কুমিল্লার সহকারী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশনে পৌঁছালে এর ইঞ্জিন খুলে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এরপর ওই ইঞ্জিনের সহায়তায় পাহাড়িকার ১০টি বগির মধ্যে লাইনে থাকা চারটি বগি মন্দবাগ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।