দুই ঘণ্টা পর সচল হলো ঢাকা-জামালপুর রেলপথ
ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-জামালপুর রেলপথ সচল হয়েছে। ময়মনসিংহ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী হারুনর রশিদ জানান, আজ সোমবার বেলা আড়াইটার দিকে লাইন ক্লিয়ার হওয়ায় ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।ময়মনসিংহ রেলস্টেশন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিংয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রেলস্টেশনটির কর্মকর্তারা জানান, মালবাহী ট্রেনটি এক লাইন থেকে আরেক লাইনে ওঠার সময় এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী ট্রেন এবং জামালপুর থেকে ঢাকাগামী লোকাল ট্রেন আটকা পড়ে। ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ময়মনসিংহের কেয়টখালী লোকোমোটিভের একটি দল উদ্ধার তত্পরতা শুরু করেছে। রেল পথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে এ পথে চলাচলকারী সহস্রাধিক যাত্রী।প্রসঙ্গত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটির অবস্থা নাজুক হওয়ায় এ অঞ্চলের বিপুলসংখ্যক যাত্রী রেলপথে চলাচল করে।