দুই ঘণ্টা পরে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু
কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার গোলাসা এলাকায় আজ শুক্রবার বিকেলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে যান চলাচল শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের একটি নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তায় একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে পড়ে। ফলে আজ বিকেল সাড়ে চারটা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রাকটি সরিয়ে নেয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় আবার যান চলাচল শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ সূত্র জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার গোলাসার এলাকায় একটি ছোট সেতু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পরে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সেতুর নির্মাণকাজ শুরু হয়। সেতুর বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করছে। আটকে পরা ট্রাকচালক আবদুর রহিম বলেন, সিলেট থেকে বালু নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বিকল্প রাস্তায় যান্ত্রিক ক্রটির কারণে ট্রাকটি আটকে যায়। কসবা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাসার প্রথম আলোকে বলেন, বিকল্প রাস্তায় বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে সন্ধ্যা সাড়ে ছয়টায় আবার যান চলাচল শুরু হয়।