ঢাকার সায়েদাবাদে বাসের জন্য শত শত লোকের অপেক্ষা। দীর্ঘ অপেক্ষার পর বাস আসে। এরপর যাত্রাবাড়ী। সেখানে আবার চলছে উড়ালসড়কের কাজ। দুর্ভোগ মাড়িয়ে এই এলাকাটুকু পার হওয়ার পর দনিয়া। সেখানে রাস্তার দুই পাশে গরুর হাট। আর বাজার ও বাসস্ট্যান্ড তো সর্বত্র।তাই সড়কে যানজট দিন দিন প্রকট হচ্ছে। দুই ঘণ্টার পথ পার হতে সময় লাগছে সাত থেকে নয় ঘণ্টা।গতকাল শনিবার বেলা তিনটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। অবস্থা কেমন জানতে চাইলে চাঁদপুরগামী একটি বাসের চালক কাদের মিয়া চরম বিরক্ত হন। তাঁর জবাব, ‘দুপুর ১২টায় সায়েদাবাদ থেকে চাঁদপুরের উদ্দেশে বাস ছাড়ছি। দুই ঘণ্টা লাগছে কাঁচপুর ব্রিজ পর্যন্ত আসতে। যাত্রীরা রাস্তার অবস্থা দেখলেও আমাকেই গালিগালাজ করছে। জানি না, কখন গন্তব্যে পৌঁছাতে পারব।’গতকাল সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কুমিল্লার ময়নামতি সেনানিবাস পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। রাত ১০টার দিকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারের করিম মাস্টার সুপার মার্কেটে আগুন লাগে। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে মহাসড়কে জড়ো হলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। আগুন নেভানোর পর রাত পৌনে ১২টা থেকে যান চলাচল শুরু হয়।শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেই নয়, নবীনগর-কালিয়াকৈর, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কেও প্রচণ্ড যানজট ছিল। উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ পড়ে চরম ভোগান্তিতে।চট্টগ্রামগামী একটি বাসের যাত্রী সুজন শিকদার জানালেন, ঢাকায় একটি ব্যাংকে তিনি চাকরি করেন। ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। দুপুর ১২টায় বাস ছেড়েছে। তিন ঘণ্টায় মাত্র কাঁচপুর এসেছেন। কখন পৌঁছাবেন বলতে পারছেন না। একইভাবে দুর্ভোগের কথা জানালেন ইফতেখার আহমেদ। তিনি যাচ্ছেন কক্সবাজারে।চালকদের সঙ্গে কথা বলে জানা গেল, ঢাকা-চট্টগ্রাম রুটে কয়েক দিন ধরে প্রধান সমস্যা যানজট। সমস্যা এতটাই প্রকট যে ঢাকা থেকে বের হতেই আড়াই থেকে তিন ঘণ্টা লাগছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে দীর্ঘ এই যানজট। শত শত লোক সেখানে গাড়ির প্রতীক্ষায় বসে আছে। যাত্রাবাড়ী চৌরাস্তা, শনির আখড়া হয়ে নারায়ণগঞ্জ লিংক রোডের সংযোগস্থল, কাঁচপুর ব্রিজ—সব জায়গাতেই যানজট।চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়া একটি বেসরকারি বাসের চালক রুহুল মিয়া বলেন, ‘ঢাকা থেকে কাঁচপুর পর্যন্ত এই ১০ কিলোমিটার পথ আসতেই সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা। আর কাঁচপুর থেকে চট্টগ্রামে যেতে লাগবে আরও অন্তত ছয়-সাত ঘণ্টা। অবস্থা এমন হলে গাড়ি চালাব কী করে?’ঢাকা-কুমিল্লাগামী একটি বেসরকারি পরিবহনের চালক ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডের দূরত্ব ৯০-৯৫ কিলোমিটার। স্বাভাবিক সময়ে এই রাস্তা পাড়ি দিতে সময় লাগে মাত্র দুই ঘণ্টা। কিন্তু এখন সাত থেকে আট ঘণ্টা লাগছে।’একই কথা বললেন লক্ষ্মীপুরগামী আল-বারাকা পরিবহনের একটি বাসের সহকারী আবু তাহের। তিনি বলেন, ‘অন্যান্য বছর ঈদের আগে প্রতিদিন দুই ট্রিপ যাত্রী নিতে পারতাম। এবার একবার যাওয়া-আসা করতেই শেষ।’ঢাকা-কুমিল্লা রুটে তিশা বাস সার্ভিসের সুপারভাইজার হাবিবুর রশিদ বলেন, ‘রাস্তায় প্রচণ্ড যানজট। যাত্রীদের চাপ এতই বেশি যে গাড়ি সায়েদাবাদে আসার আগেই যাত্রাবাড়ী বা আশপাশের এলাকা থেকে যাত্রীরা উঠে পড়ে। তাই নামমাত্র সায়েদাবাদে এসে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হচ্ছে।’হানিফ পরিবহনের সুপারভাইজার আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে বের হওয়ার পথেই যানজট শুরু। এরপর মেঘনা সেতুর পশ্চিম পাশে আবার জট। দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত পুরো রাস্তায় এই জট।সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বাস ছাড়ে। সায়েদাবাদ বাস মালিক সমিতির সভাপতি খায়রুল আলম মোল্লা প্রথম আলোকে বলেন, যানজটের কারণে পরিস্থিতি এবার ভয়াবহ। ঢাকা থেকে কুমিল্লা এমনিতে যেতে সময় লাগে দুই ঘণ্টা। কিন্তু যানজটের কারণে এখন নয় ঘণ্টা লাগছে। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অনেক বাস শনিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছায়। কাঁচপুর, সোনারগাঁ, দাউদকান্দি—সব জায়গায় প্রচণ্ড যানজট। সব ঈদেই এমন পরিস্থিতি থাকে কি না, জানতে চাইলে খায়রুল বলেন, এবার পরিস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে খারাপ। যানজট এত বেশি যে বাসমালিকদের এখন অনেক লোকসান গুনতে হবে।নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনূস আলী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের পক্ষে যতটা সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু গাড়ির অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তার পরও অতিরিক্ত পুলিশ আছে। তারা দিন-রাত কাজ করছে।লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, ‘ঘরমুখী মানুষকে এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর অন্যতম কারণ রাস্তাঘাটের বেহাল অবস্থা। অনেক বাসমালিক আমাকে বলেছেন, আগে যেখানে তাঁরা দিনে চারবার ট্রিপ মারতেন, এখন রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে দুটি ট্রিপও মারতে পারেন না। তাই সব যাত্রীকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’গত ঈদের আগে রাস্তার বেহাল অবস্থা নিয়ে সারা দেশে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতার ব্যানারে আন্দোলন করেছিলেন আবুল মকসুদ। তাঁর দাবি, গতবার আন্দোলনের মুখে সরকার রাস্তাঘাট সংস্কারের জন্য টাকা ছাড় করে। কিন্তু আসলে ওই টাকার সদ্ব্যবহার না হয়ে দুর্নীতি হয়েছে। তাই রাস্তাঘাটের অবস্থার উন্নতি হয়নি।অন্যান্য মহাসড়কের চিত্রনিজস্ব প্রতিবেদক, সাভার, মির্জাপুর (টাঙ্গাইল) ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, ঈদে ঘরমুখী হাজারো মানুষ গতকাল নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাপক যানজটের কবলে পড়ে।ধামরাই থানা সূত্র জানায়, বেলা দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ডের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এ কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থলের দুই পাশে অন্তত চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সাড়ে তিনটার দিকে যান চলাচল শুরু হলেও যানজট অব্যাহত থাকে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, চাপ থাকলেও গতকাল বেলা তিনটা পর্যন্ত পাটুরিয়ায় যানজট ছিল না। এরপর যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় জটের সৃষ্টি হয়। বিকেল চারটার দিকে যানবাহনের লম্বা সারি পাটুরিয়া টার্মিনাল ছেড়ে ঢাকা-আরিচা মহাসড়কের চার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত গন্তব্যের যানগুলো যানজটের কারণে ঘাট থেকে চার কিলোমিটার দূরেই যাত্রীদের নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে যায়।বিকেলে মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ও তরা টোল প্লাজার উভয় পাশেও দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটার দিকে আশুলিয়ার নয়ারহাট থেকে নবীনগর পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।এদিকে, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬৫ কিলোমিটারজুড়ে প্রচণ্ড যানজট গতকাল শনিবার রাতেও অব্যাহত ছিল।পুলিশ ও যাত্রীরা জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকায় যানজট কমতে শুরু করে। কিন্তু রাতে কুয়াশা আর কালিয়াকৈর, ধেরুয়াসহ কয়েকটি স্থানে ট্রাক বিকল হওয়ায় যানজট আবার ভয়াবহ আকার ধারণ করে। পুলিশ বিকল হওয়া ট্রাকগুলো সরিয়ে নিলে গতকাল সকালে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বাড়তে থাকে। এ কারণে আবারও যানজটের সৃষ্টি হয়।এদিকে, মহাসড়কের দেওহাটা থেকে ধেরুয়া পর্যন্ত এবং বাঐখোলা থেকে করটিয়া পর্যন্ত অসংখ্য ছোট গর্ত রয়েছে। এসব গর্ত আর গতিরোধকের কারণে যানবাহনগুলো ধীরে চলতে বাধ্য হচ্ছে।