দুই ঘণ্টার পথ যেতে লাগে আট ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা থেকে ধরমপাশা উপজেলা সদরের দূরত্ব প্রায় ৫৮ কিলোমিটার। স্বাধীনতার পর ৩৯ বছর পেরিয়ে গেলেও এখনো এই উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগের ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই বর্ষা ও শুকনো মৌসুমে এই এলাকার লোকজনকে জেলা সদরে যেতে হয় নৌকা কিংবা লঞ্চের মাধ্যমে। আর এ পথ পাড়ি দিতে সময় লাগে সাত থেকে আট ঘণ্টা। অথচ সড়ক যোগাযোগের ব্যবস্থা গড়ে উঠলে সময় লাগবে দেড় থেকে দুই ঘণ্টা। হাওর ও নদীপথে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে ঝুঁকি নিয়েই এলাকাবাসীকে জেলা সদরে যেতে হয়। এ জন্য তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নান্নু চক্রবর্তী পেশায় সরকারি চাকরিজীবী। বাড়ি সুনামগঞ্জের নতুন পাড়া এলাকায়। চাকরির সুবাদে তিনি থাকেন মধ্যনগরে। পরিবারের সদস্যরা এখানে থাকে না। সরকারি কাজ ছাড়া ছুটি পেলেও হাওর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের কারণে তিনি কয়েক মাস পর পর বাড়ি যান। তিনি বলেন, ছেলেমেয়েসহ পরিবারের লোকজনকে দেখতে যখন মন ব্যাকুল হয়ে ওঠে, তখন বাড়ি যাই। নতুবা এ পথে কে যেতে চায় বলুন? ধরমপাশা মোড়লপাড়া গ্রামের বাসিন্দা শামীম আহমেদ বলেন, ইচ্ছে করে এ পথে কেউ পা রাখে না। হাওর ও নদীর ওপর দিয়ে যেতে হয় বলে উত্তাল ঢেউয়ের কারণে মনে হয় যেন জেলখানায় আছি। পরিবার-পরিজন দুশ্চিন্তায় থাকে, কবে কাজ সেরে বাড়ি ফিরব। এ নিয়ে নিজের ভেতরও স্বস্তি থাকে না। বাংলাদেশে এত অনুন্নত যোগাযোগের উপজেলা আছে বলে আমার মনে হয় না। সৈয়দপুর গ্রামের বাসিন্দা তাজউদ্দীন বলেন, উপজেলা থেকে জেলায় যেতে হলে দুপুর কিংবা রাতে যেকোনো এক সময় উপোস করে যেতে হয়। কেননা লঞ্চে কিংবা ট্রলারে খাবারের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘক্ষণ যাতায়াতের ফলে অনেকেই অসুস্থ হয়ে বাড়ি ফেরে। এ পথ যেন নরকের পথ। স্থানীয় এলাকাবাসী জানায়, নির্বাচন এলে নেতারা সড়ক যোগাযোগের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়ে তাঁরা এসব প্রতিশ্রুতি ভুলে যান। ক্ষমতায় গেলে তা আর মনে থাকে না। এ ছাড়া এ উপজেলায় রয়েছে হাওরের অফুরন্ত মৎস্যভান্ডার। যেখান থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। অথচ এ উপজেলার দিকে কারও যেন কোনো নজর নেই। জয়শ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল আউয়াল বলেন, সড়কপথে ধরমপাশা থেকে জয়শ্রী এলাকার দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। এ সড়কের অর্ধেকেরও বেশি ইতিমধ্যে পাকা করা হয়েছে। এ ছাড়া জয়শ্রী থেকে সুখাইড়-রাজাপুর উত্তর হয়ে গোলকপুর পর্যন্ত পাঁচ-ছয় কিলোমিটার সড়ক নির্মাণ এবং পরের রাস্তাটুকুতে প্রায় চার কিলোমিটার ফ্লাইওভার ও দুই-তিনটি সেতু স্থাপন করলে জামালগঞ্জ হয়ে এ উপজেলার লোকজন সারা বছরই জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে। সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম বলেন, ধরমপাশা থেকে রাজাপুর সড়কের কদমতলী পর্যন্ত পাকা করা হয়েছে। আর মাত্র ছয় কিলোমিটার স্থায়ী সড়ক ও ছয় কিলোমিটার রাস্তার কাজ করলেই গোলকপুর পর্যন্ত যাওয়া যাবে। এর মধ্যে কাউনাই নদী ও বৌলাই নদীতে সেতু স্থাপন করলে শুকনো মৌসুমে এ পথ দিয়ে ছয়টি ইউনিয়নের লোকজনের পক্ষে জামালগঞ্জ হয়ে সহজেই সুনামগঞ্জে যাতায়াত করা সম্ভব হবে।বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, মহিষখলা বাজার থেকে তাহিরপুর উপজেলার টেকেরঘাট বাজার পর্যন্ত দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। এর মধ্যে পাঁচ-ছয় কিলোমিটার রাস্তায় মাটির কাজ ও তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর ওপর সেতু স্থাপন করা হলে মধ্যনগর এলাকার চারটি ইউনিয়নের মানুষ সহজেই জেলা সদরে যেতে পারবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, এটি হাওর এলাকা হওয়ায় যুগ যুগ ধরে এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাধীনতার আগে থেকে শুরু করে বেশ কয়েকজন সাংসদ এখানকার প্রতিনিধিত্ব করলেও উপজেলা সদরের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তেমন কোনো পদক্ষেপ নেননি। তিনি দ্রুত এ ব্যাপারে কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা বলেন, জেলা সদরের সঙ্গে এ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগের ব্যবস্থা না থাকায় এখানকার লোকজন দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ যেভাবে শুরু হয়েছে, তাতে আগামী বছর তিনেকের মধ্যে জেলার সঙ্গে এ উপজেলার সড়ক যোগাযোগ গড়ে উঠবে বলে আমি আশাবাদী। সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় ধরে এ উপজেলার লোকজন জেলা সদরে যেতে দুর্ভোগ পোহাচ্ছে। আশা করছি, আগামী তিন বছরের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।