দুই চরমপন্থীকে জবাই, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুরে গত বৃহস্পতিবার রাতে দুজনকে জবাই করে হত্যা করেছে চরমপন্থীরা। তাঁরা হলেন জেলার হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের মাসুদ (৩২) ও শৈলকুপার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম (৩৮)। একই রাতে রাজবাড়ীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সামাদ ওরফে সামাদ মেম্বার ওরফে দস্যু কেহেরমান (৫২) নিহত হয়েছেন। ঝিনাইদহ পুলিশের ভাষ্যমতে, শৈলকুপায় নিহত ব্যক্তিরা চরমপন্থী দলের সক্রিয় সদস্য। রাজবাড়ী র্যাবের দাবি, আবদুস সামাদ নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) রাজবাড়ী, ফরিদপুর ও পাবনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কমান্ডার সামাদ বাহিনীর প্রধান। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা।শৈলকুপায় নিহতদের পরিবার সূত্র জানায়, নিহত শরিফুল ও মাসুদ পরস্পর আত্মীয়। মাসুদের বড় ভাইয়ের শ্বশুর শরিফুল। শরিফুল একটি অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করে নয় মাস আগে ছাড়া পান।পরিবারের সদস্যরা জানান, শরিফুল গত বৃহস্পতিবার দুপুরে তাঁর জামাতার বাড়ি হরিণাকুণ্ডুর রঘুনাথপুরে বেড়াতে যান। এরপর বিকেলে মাসুদের সঙ্গে বাড়ি থেকে বের হন। রাতে তাঁরা কেউ বাড়িতে ফেরেননি। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী পাশের শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাটে তাঁদের জবাই করা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।ঝিনাইদহ পুলিশ সুপার রেজাউল করিম জানান, শরিফুল ও মাসুদ চরমপন্থী দলের সক্রিয় সদস্য হওয়ায় প্রতিপক্ষের চরমপন্থীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের ধারণা। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) আমজাদ হোসাইনের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন পদ্মা নদীর বাঁধের ওপর চরমপন্থীরা গোপন বৈঠক করছিল। এমন খবর পেয়ে র্যাবের ৩২ সদস্যের দুটি দল ঘটনাস্থলে গিয়ে চরমপন্থীদের চারদিক থেকে ঘিরে ফেলে। টের পেয়ে সশস্ত্র চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধে উভয় পক্ষের অন্তত ৮০টি গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আবদুস সামাদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি বিদেশি রিভলবারসহ ছয়টি গুলি, চার বোতল ফেনসিডিল, কিছু গুলির খোসা পাওয়া যায়। পরে আহতাবস্থায় আবদুস সামাদকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।খবর পেয়ে গতকাল সকালে রাজবাড়ী সদর হাসপাতালে সামাদের পরিবারের লোকজন তাঁর লাশ শনাক্ত করেন। রাজবাড়ীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির প্রথম আলোকে বলেন, সামাদ মেম্বারের বিরুদ্ধে মাদারীপুরের এক পুলিশ কর্মকর্তাকে ৮০ টুকরো করে হত্যাসহ রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় আটটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া রাজবাড়ীর জৌকুড়া পুলিশ ফাঁড়ি লুটসহ আরও অন্তত ছয়টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সব মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। এর মধ্যে একটি মামলায় ফাঁসি ও অপর একটি মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে।