দুই চাকায় চক্কর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী জেসি। একটু পরেই দেখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলা অনুষদের ডিন ও অন্য জ্যেষ্ঠ শিক্ষকেরা স্যুট-টাই পরে সাইকেলে প্যাডেল মারতে লাগলেন। এই দৃশ্য দেখে অবাক হলেন জেসি। গাড়ি থেকে নেমে এসে শিক্ষকদের সাইকেল চালানোর এই কসরত দেখে অনেকে আবার মিটিমিটি হাসছিলেন। এই ঘটনা ১৩ মার্চের।আসলে সবুজ ক্যাম্পাসের পরিবেশ বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসভিত্তিক সাইকেল চালানো কার্যক্রম শুরু করেছেন সেদিন। এই উদ্যোগের সূচনা করতেই এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের মহারথীরা। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ও বাইরে নিজেদের প্রয়োজনে যাতে সাইকেলে চলাচল করেন, তাতে উৎসাহ জোগাতেই ছিল আয়োজন। শুধু তা-ই নয়, সাইকেলপ্রেমী শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব’ নামের একটি সংগঠনও।এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিবুল কিবরিয়া বলছিলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই সাইকেল ব্যবহার করে। ক্লাস করতে আসা, টিউশনি করতে যাওয়াসহ প্রাত্যহিক কাজে সাইকেল ব্যবহারকারীর সংখ্যা একেবারে কম নয়। আমরা চাই ক্যাম্পাসভিত্তিক সাইকেল চালানো কার্যক্রমের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ পরিবেশবান্ধব এই যানটি ব্যবহার করুক।’সাইকেলের চেয়ে বড় কোনো বন্ধু হয় না—এমনটিই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুমন আরেফিন। রাতের নির্জনতার সঙ্গী হয়ে মহুয়া ফুলের আবেশ মেখে সাইকেল চালাচ্ছিলেন তিনি। মল চত্বরের মহুয়া গাছতলায় দাঁড়িয়ে তিনি বলছিলেন ক্যাম্পাসে সাইকেলের উপকারিতা নিয়ে। সাইকেল থাকলে হল থেকে কলাভবন কিংবা কার্জন হল থেকে মধুর ক্যানটিনে যাওয়ার জন্য রিকশাওয়ালার ধরনা ধরতে হয় না। নিজের ইচ্ছামতো যেখানে খুশি সেখানে যাওয়া যায়।অন্যদিকে জিয়া হলের আবাসিক শিক্ষার্থী এমরান সুমনের মতে, ক্যাম্পাসে সাইকেলের চেয়ে উপযোগী কোনো যানই হয় না। সকাল-বিকেল কেউ যদি এক ঘণ্টা করে সাইকেল চালান, তাহলে তাঁর আর শরীরচর্চাকেন্দ্রে যাওয়ার দরকার নেই।তবে শামসুন্নাহার হলের শিক্ষার্থী আফরিন নুসরাত বলছিলেন ভিন্ন কথা। তাঁর ভাষ্য, ‘হলের ভেতর আমরা অনেকেই সাইকেল চালাই। যদি ক্যাম্পাসে সাইকেল চালানোর রেওয়াজটা জনপ্রিয় হয়, তাহলে হয়তো মেয়েরাও সাইকেল চালিয়ে ক্যাম্পাসে চলাফেরা করবে।’দুই চাকার এই যানটিকে সবচেয়ে নিরাপদ যান বলেও আখ্যা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা মাহমুদুল্লাহ মামুন। পুরান ঢাকার এই বাসিন্দার ভাষ্য, ‘আমি যেখানে যাই, সেখানেই সাইকেলে যাওয়া-আসার চেষ্টা করি। ক্যাম্পাসে প্রতিনিয়ত যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, সেগুলোতে আজ পর্যন্ত কোনো সাইকেলচালককে আহত হতে দেখিনি।’ মামুনের কথায় সুর মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন বললেন, ‘ক্যাম্পাসের সবচেয়ে নিরাপদ বাহন সাইকেল।’‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম নয় দশক আগে হলেও এত দিনে এখানে কোনো সাইক্লিং ক্লাব গড়ে ওঠেনি, এটা আমাদের দুর্ভাগ্য।’—বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব গঠনে ব্যস্ত ফলিত পরিসংখ্যানের শিক্ষার্থী সোয়ায়েব। তিনি আরও যোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব গঠনের জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু হলে প্রচারণা চালিয়েছি। টিএসসির পুস্তক বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে সদস্য ফরম। আগ্রহী শিক্ষার্থীরা আমাদের সদস্য হতে পারবেন।’বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে প্রতিদিনের প্রয়োজনে সাইকেল ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই সাইক্লিং ক্লাব গঠন করা হচ্ছে বলে ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। গ্রিন বেল্ট ট্রাস্ট, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্যাম্পাসভিত্তিক সাইকেল চালানো কর্মসূচি সফল করতে। এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সংগ্রহে এসেছে ১৯টি সাইকেল।ক্যাম্পাসভিত্তিক সাইকেল চালানো কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে এর উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে সাইকেলকে জনপ্রিয় বাহনে পরিণত করার চেষ্টা করছি। ক্যাম্পাসভিত্তিক সাইকেল চালানো কর্মসূচিতে প্রাথমিকভাবে ৫০টি সাইকেল দেওয়া হচ্ছে। তবে এই কার্যক্রমে আমরা আরও বেশি সাইকেল দিতে চাই। শুধু তা-ই নয়, সাইকেলের নিরাপত্তার জন্য সাইকেল স্ট্যান্ডগুলোর প্রতিও নজর দেওয়া হচ্ছে।’ এ ছাড়া ক্যাম্পাসের দু-একটি রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।