দুই চাকায় চড়ে
খুব ছোট বেলায় বাবার কাছে ‘সাইকেল চালানো শিখেছিলাম। মাঝে একটু বিরতি দিলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আবার নতুন করে চালাচ্ছি। খুবই ভালো লাগে। সবার থেকে আলাদা লাগে নিজেকে। কেউ কেউ কটাক্ষ করে। নানা ধরনের মন্তব্যও শুনতে হয়, কিন্তু থেমে থাকিনি। ভালো কাজে বাধা আসবে। তাই বলে কাজ থামিয়ে দিলে তো চলবে না।’ কথাগুলো বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নাজনীন মাহমুদ চৌধুরী। অ্যাডভেঞ্চার পছন্দ করেন দিনা চাকমা। যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবে। সেখানে একবার সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। তখন দিনা ক্লাবের সাধারণ সম্পাদক। সাইকেল চালাতে জানেন না। কীভাবে অংশ নেবেন? মন খারাপ হয়ে গেল। জেদ চেপে গেল। যেভাবেই হোক, সাইকেল চালানো শিখতে হবে। শিখলেনও। কিন্তু নিজের সাইকেল নেই। পরে টাকা জমিয়ে পুরোনো একটি সাইকেল কেনেন। ‘মন খারাপ হলেই সাইকেল চালানোর গতি বাড়িয়ে দিই। সব জায়গায় সাইকেলেই যাওয়া-আসা করি। তবে পোশাক নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। তখন জিনস, টি-শার্ট বা ফতুয়া ছাড়া অন্য কিছু পরা যায় না। একে তো সাইকেল চালানো, তার ওপর এ ধরনের পোশাক। সমস্যায় পড়তে হয় মাঝেমধ্যে।’আয়শা জাহান ঢাকা সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঢাকার উত্তরা থেকে সাইকেল চালিয়ে ক্লাসে আসতেন। মা-বাবা ভয় পান এমন ব্যস্ত রাস্তায় সাইকেল চালাতে। তাই এখন বাসে করে ফার্মগেট পর্যন্ত আসেন। বাকি পথটুকু সাইকেল চালিয়ে যান। সাইকেলটি থাকে এক পরিচিতর বাসায়। আয়শা জাহান বলেন, ‘সাইকেল চালানোর আনন্দ আর কিছুতে পাই না। সপ্তম শ্রেণী থেকে এটি চালিয়ে আসছি। সবচেয়ে মজা লাগে যানজটের মধ্যে। সবাই বসে থাকে। কিন্তু আমি সাইকেল দিয়ে চলে যেতে পারি। তবে বাস-সিএনজিচালকরা বকা দেয়। আমার কারণে নাকি ঝামেলা হয়।’গ্রামের মেঠোপথ দিয়ে বড় সাইকেল চালিয়ে অভ্যস্ত তিনি। ঢাকার ব্যস্ত শহরেও তিনি সমানভাবে পারদর্শী। বলছিলাম ঠাকুরগাঁওয়ের বীরহলি গ্রামের মেয়ে সিফাত ফাহমিদা নওশীনের কথা। ‘আমাদের এলাকার মেয়েরা স্কুল-কলেজে সাইকেল চালিয়ে যায়। আমি তো বাবাকে সামনে বসিয়ে চালাতাম। সে কারণে কেউ কিছু বলার সুযোগ পেত না। ঢাকায় আসি ২০০৮ সালে। প্রথম আলো আন্তর্জাতিক নারী দিবসে একটি সাইকেল র্যালি করার ঘোষণা দেয়। তখন সাইকেল নিয়ে আমি ঢাকায় আসি। এরপর বিভিন্ন র্যালিতে অংশ নিই। আমার মনে হয়, মেয়েরা আগের চেয়ে বেশি আগ্রহী হয়েছে সাইকেল চালাতে।’সাইক্লিংয়ে মেয়েদের অবস্থান ও সংখ্যা নিয়ে কথা হয় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খানের সঙ্গে। তিনি বলেন, ‘সাইক্লিস্ট মেয়ের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। গত জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রায় ৪৮ জন প্রতিযোগী ছিল। তারা নিয়মিত সাইকেল চালায়। আসলে সাইকেল চালানোর জন্য উপযুক্ত জায়গা নেই। তবে আমরা উদ্যোগ নিয়েছি। ঢাকাকেন্দ্রিক না করে বিভিন্ন জেলা থেকে সাইক্লিস্ট খুঁজে বের করার ইচ্ছা আছে। এখন অনেক অভিভাবক আগ্রহী হয়েছেন। তবে আমি আশাবাদী, মেয়েদের সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া দেশের সাইক্লিং ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এর মানও বাড়বে।’ঢাকা সাইক্লিং ক্লাবে নিয়মিত প্রায় ১৫ জন সাইক্লিস্ট আছেন। এ ছাড়া প্রতিদিনই ভর্তি হচ্ছেন অনেক মেয়ে। ঢাকা সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক আফতাবুর রহমানের মতে, ‘দিন দিন সাইক্লিস্ট হতে আগ্রহী হচ্ছে মেয়েরা। মা-বাবা নিয়ে আসছেন তাঁদের মেয়েদের। সাইকেলের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। আর আমাদের মন-মানসিকতার আরেকটু পরিবর্তন করা দরকার।’ সে সময় এ সময়১৯৭৮ সাল থেকে সাইকেল চালাতেন ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু। সে সময় আর এ সময়ের তুলনা করতে গিয়ে বলছিলেন—নানাবাড়িতে খুব ছোটবেলায় সাইকেল চালানো শিখি। এরপর বাসায় এসে আমাদের পাহারাদারের সাইকেল নিয়ে লুকিয়ে চালাতাম। এভাবে এক দিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। ঢাকার এলিফ্যান্ট রোডের জনতা ব্যাংকে যাব। হঠাৎ খেয়াল করলাম, একজন আমার পেছন পেছন আসছে। ভয় পেলাম যে আমাকে ধরে নিয়ে যাবে না তো। অষ্টম শ্রেণীতে পড়ি তখন। সাহস করে কথা বললাম। জানতে পারলাম, তিনি একজন সাইক্লিংয়ের কোচ। আমার সাইকেল চালানো দেখে অনুসরণ করছেন। বললেন, বাবাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে যেতে। পরদিন গেলাম বাবাকে নিয়ে। তাঁর কথামতো সাইকেল চালিয়ে চক্কর দিয়ে দেখালাম। তখন বললেন, ঢাকায় একটি প্রতিযোগিতা হবে, তাতে অংশ নিতে। আমার তো রেসের সাইকেল নেই। এটি ১৯৭৮ সালের কথা। আমার জন্য বাবা স্বল্প সময়ে জাপান থেকে একটা সাইকেল কিনে আনলেন। আমি প্রতিযোগিতায় অংশ নিলাম, চ্যাম্পিয়নও হলাম। ১৯৮৩ সাল পর্যন্ত নিয়মিত সাইকেল চালিয়েছি। জাতীয় সাইক্লিস্ট হিসেবে স্বীকৃত হলাম। আমার মনে হয়, যত মেয়ে সে সময় সাইক্লিংয়ে ছিল, সে পরিমাণটা আনুপাতিক হারে বাড়েনি। আমরা অনেক কিছুতে আধুনিক হয়েছি। কিন্তু মন-মানসিকতায় তেমন পরিবর্তন আসেনি বরং আমি যখন রাস্তায় সাইকেল অনুশীলন করতাম, সবাই খুব অনুপ্রেরণা দিত। এখন মনে হয়, মেয়েরা আরও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। খেলা হিসেবে না নিলেও বাহন হিসেবে তো ব্যবহার করা যেতেই পারে।