দুই চাকায় বনেদিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ বেইলি রোডের ফাঁকা রাস্তা। হঠাৎ অনেক দূর থেকে ভেসে এল একটানা গুমগুম শব্দ। সেই শব্দে লোকজন চোখ তুলে তাকানোর আগেই বাতাসে শিস কেটে ছুটে চলে গেল একটা ঝকঝকে মোটরবাইক। পথচারীরা ‘বাহ!’ বলার আগেই চোখের আড়ালে চলে গেছে ওটা। এ প্রজন্মের শৌখিন তরুণদের এই বাহনগুলো ষোলআনা আধুনিক। দেখতে পেশিবহুল, গতিতে দুরন্ত। এই না হলে হাল ফ্যাশনের মোটরবাইক!নগরে পথচলায় পয়সা আর সময়, দুটোই বাঁচাতে মোটরবাইক হলো প্রথম পছন্দ। আর যানজটের শহর ঢাকায় মোটরবাইক ছাড়া নিয়মিত নির্ঝঞ্ঝাট চলাফেরা করার কথা তো ভাবাই যায় না। কিন্তু তরুণদের কাছে এতসব প্রয়োজনীয়তাকেও ছাপিয়ে যায় আরেকটি বিষয়। সেটা হলো হাল ফ্যাশনের সঙ্গে পাল্লা দেওয়ার তাগিদ। তাই ফ্যাশন-সচেতন তরুণেরা দূরত্বের সঙ্গে তেল খরচের হিসাব বা ‘মাইলেজ’ নিয়ে ভাবার জটিলতায় যান না। তেল সাশ্রয়ের চেয়ে ইঞ্জিনের ক্ষমতা আর বাইকের চেহারাটাই তাঁদের কাছে মুখ্য। অতীশ দীপঙ্কর সড়কের দোকানে বসে এ কথাই বলছিলেন হিরো হোন্ডা মোটরবাইকের ডিলার শাইন মোটরসের ব্যবস্থাপক তাপস দাশ, ‘আমাদের কাছে তরুণ প্রজন্মের যাঁরা মোটরসাইকেল কিনতে আসেন, তাঁরা এসেই খোঁজ করেন সবচেয়ে জোরে চলে কোনটা। কত কম সময়ে কোন বাইক কত বেশি গতি তুলতে পারে, সেটাই তাঁদের কাছে প্রধান বিবেচ্য।’প্রায় একই কথা বললেন বাজাজ মোটরবাইকের পরিবেশক বংশালের এক্সক্লুসিভ মোটরসের ব্যবস্থাপক ইমরান চৌধুরী, ‘বাইক কিনতে এলে এ প্রজন্মের ছেলেরা আসলে অন্য সবকিছু বাদ দিয়ে গতিটাই খোঁজেন। সেই সঙ্গে বাইকের রং, চেহারা আর স্টাইল—এসবের দিকেই নজর থাকে। অন্যদের মতো তেল বাঁচানোর চিন্তা তাঁরা করেন না।’কথাটা যে কতটা সত্যি, সেটা বোঝা গেল ইস্কাটন রোডের একটি দোকানে মোটরসাইকেল কিনতে আসা তাসিন ইকবালের কথায়, ‘আব্বু চায় একটু ফুয়েল এফিশিয়েন্ট বাইক কিনে দিতে, কিন্তু আমার পছন্দ হচ্ছে বাজাজের পালসার। এই বাইকটা দেখতে সুন্দর আর ইঞ্জিনটাও খুব পাওয়ারফুল। সেই তুলনায় তেল খরচ কম। আর বেশি হলেও আমি সেটা নিয়ে ভাবি না। তাই পালসারই কিনব।’কারও কারও আবার পছন্দ হচ্ছে হিরো হোন্ডা হাংক। জবরজং চেহারার এই মোটরসাইকেলটি নিয়ে তরুণদের আগ্রহের কমতি নেই। একই কোম্পানির সিবিজেড বাইকটাও পছন্দ অনেকের। কেউ কেউ আবার পছন্দ করে টিভিএসের ফ্লেম কিংবা অ্যাপাচি আরটিআর। এর পাশপাশি হোন্ডা কোম্পানির ইউনিকর্ন, স্টানার কিংবা শাইন—এই মোটরবাইকগুলোরও রয়েছে যথেষ্ট চাহিদা। কোম্পানি ভেদে, মডেলের ভিন্নতায়, নামে আর দামে পার্থক্য যতই থাক, এ মোটরবাইকগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে হাল ফ্যাশনের সঙ্গে পাল্লা দেওয়া।তবে আভিজাত্য, স্টাইল আর গতি, এ তিনটির সমন্বয় চোখে পড়ে ইয়ামাহার মোটরবাইকে। ইয়ামাহার ডেরায় রয়েছে বিলাসবহুল বেশ কয়েকটি মোটরবাইক। এগুলোর দামও বাজারের অন্যান্য বাইকের তুলনায় বেশি। রাস্তায় বেরোলেই আজকাল অহরহ চোখে পড়ে ইয়ামাহার তৈরি এন্টিসার, ফেজার, এফজেডএস কিংবা আর-ফিফটিন। তাই একটু যাঁরা শৌখিন, ফ্যাশন-সচেতন, তাঁদের আঙুলের মাথায় বাইকের চাবি ঘুরছে, মানেই বুঝবেন আশপাশে কোথাও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাঁর ইয়ামাহা মোটরবাইকটা।ফ্যাশনের ক্ষেত্রে চীনা বাইকেরও যথেষ্ট চাহিদা আছে বাজারে। অবশ্য সব চীনা বাইক দিয়ে ফ্যাশন হয় না। হাতেগোনা কয়েকটি ব্র্যান্ডের ফ্যাশন করার মতো বাইক মেলে বাজারে। তবে যে কয়টি ব্র্যান্ড পাওয়া যায়, তার মধ্যে সিনস্কির নামটা আসবে সবার আগে। কেননা ‘চপার’ কিংবা ‘এক্সএল’-এর আদলে তৈরি সিনস্কির বাইক দেখতে যেমন অভিজাত, তেমনি এর চালটাও ভিরিক্কি। সে কথাই বলছিলেন সিনস্কির ডিলার জেড আর ইমপেক্সের ম্যানেজার সাগর আহম্মেদ, ‘সিনস্কির এক্সএসজে ১২৫ আর জিওয়াই ১৫০ বাইকগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল। এগুলোর লুক খুব ভালো বলে ক্রেতাদের মধ্যে এ মডেল দুটির চাহিদাও বেশি।’নতুন চেহারাবেশি পয়সা দিয়ে বাইক কেনা হয়নি, তো কী হলো? যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা কি তাই বলে আটকে থাকবে? সে জন্যই আছে মোটরবাইকের নানা রকম ‘আপগ্রেড’। পুরোনো বাইকের খোলনলচে পাল্টে একেবারে আধুনিক চেহারা দেওয়া এখন সহজ। বডি কিট থেকে শুরু করে গ্রিপ, গ্রাফিকস, সিট কভার, লুকিং গ্লাস, হলার, এমনকি চাকার রিং আর টায়ার পর্যন্ত পাল্টে দিয়ে পুরোনো মডেলের বাইকটাকে একেবারে নতুন ফ্যাশনেবল চেহারা দেওয়া সম্ভব। বংশালের মোটরসাইকেল মার্কেটে ‘আপগ্রেড’ বা ‘মডিফিকেশন’-এর প্রায় প্রতিটি জিনিসই সহজলভ্য এবং অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক সস্তা। মডেল বুঝে বাইকের সঙ্গে মানায় এমন বডি কিট লাগালে পুরো মোটরবাইকের চেহারাই পাল্টে যায়। তার সঙ্গে সিট কভার আর লুকিং গ্লাস পাল্টে ফেললে বাইকের জেল্লাই বেড়ে যায়। সাইলেন্সার পাল্টে লাগানো যায় হলার। তবে বাইকের শব্দ বেড়ে যাবে। তাতে পথচারীদের নজর বাইকের দিকে যাবে ঠিকই, কিন্তু সঙ্গে বিরক্তিটাও জুটবে।বাড়তি জিনিসের মধ্যে আরেকটা পদ হলো স্যাডল ব্যাগ। জিপসি বাইকের পেছনে কেউ কেউ লাগায় এটা। এর বাইরে আছে নানা শব্দের হর্ন আর বিভিন্ন রঙের বাতি। এই ছোট ছোট সংযোজনও মোটরবাইককে অন্য রকম একটা চেহারা এনে দিতে পারে।আজকাল বাজারে নানা রকম অ্যালয় রিং মেলে। মেলে নানা নকশার টায়ারও। তাই বাইকের ওজন বুঝে চাকার পুরোনো স্পোক, রিং পাল্টে নতুন ধাঁচের অ্যালয় রিং লাগিয়ে নেন অনেকেই। এসব সংযোজনে চিরচেনা পথের সঙ্গী পাল্টে যায় হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলা নতুন কোনো মোটরবাইকে!