দুই চাকায় ‘ঝুঁকিপূর্ণ’ কসরত!
ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের পাশের সড়ক লোকে লোকারণ্য। কাছে গিয়ে দেখা গেল, একদল তরুণ মোটরসাইকেল দিয়ে নানা কসরত দেখাচ্ছেন। আর দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহিত করছে। হঠাৎ সেখানে চলে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য।সাংকেতিক কথা ‘মামারা আইছে’ বলে তরুণেরা যে যার মতো ছুটে পালালেন। সড়কটা ফাঁকা হলে মোটরসাইকেলের একজন চালককে পাওয়া গেল। তাঁর নাম জেনিথ। তাঁর কাছে কিছু জানতে চাইলে, তিনি ‘পরে কথা হবে’ বলে মুঠোফোন নম্বর দিয়ে বাইক নিয়ে লহমায় হাওয়া হয়ে গেলেন।নগরে মোটরসাইকেলনিয়ে খেলা করার কোনো অনুমোদন নেই। ঝুঁকিপূর্ণ বলে সচেতন অভিভাবকেরাও একে খেলা হিসেবে মেনে নিতে পারছেন না। তাই লুকিয়ে-চুরিয়ে একশ্রেণীর তরুণ মোটরসাইকেলের রেস ও কসরত চালিয়ে যাচ্ছেন। হেলমেট ও নিরাপত্তা-পোশাক না পরে এমন চর্চা করতে গিয়ে কেউ কেউ দুর্ঘটনায়ও পড়ছেন।জেনিথের সঙ্গে কথা বলেজানা গেছে, পৃথিবীর বিভিন্ন শহরে মোটরসাইকেলের কসরত ‘স্ট্রিট বাইক স্টান্ট’ হিসেবে পরিচিত। যাঁরা এর চর্চা করেন তাঁদের বলা হয় ‘মোটরসাইকেল স্টান্টম্যান’। ঢাকা নগরে এর চর্চার বয়স খুব বেশি হয়নি।জেনিথ থাকেন ঢাকার সেনানিবাস এলাকায়। ভিনদেশি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে ‘স্ট্রিট বাইক স্টান্ট’ দেখে তিনি এই খেলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পরে বন্ধুরা মিলে ‘কেবি বাইকার্স’ নামে একটি দলও গঠন করেন।জেনিথের মতোই আরেক তরুণ শাওন। তাঁর বাড়ি পোস্তগোলায়। তাঁর দলের নাম ‘বন্য বাইকার্স’। ধানমন্ডিতে এমন আরও দুটি দল আছে বলে জানা গেল। এগুলো হচ্ছে ‘বিডি বাইকার্স’ ও ‘বিডি গোস্ট বাইকার্স’।শাওন ও জেনিথ জানান, প্রতি শুক্রবার দলের সবাই একসঙ্গে মিলিত হন। ওই দিন মোটরসাইকেল কসরতের অনুশীলন চলে। বিভিন্ন ছুটি-ছাটায়ও তাঁরা মিলিত হন। ভিনদেশি টিভি চ্যানেল, ইউটিউব, সিডি-ডিভিডিতে স্ট্রিট বাইক স্টান্টের নিত্যনতুন কৌশল দেখে তাঁরা সেগুলো রপ্ত করেন।জেনিথ জানান, তাঁরা হেলমেট পরে, ট্রাফিক সিগন্যাল মেনেই মোটরসাইকেল চালান সড়কে। কোনো দলের কেউ যদি অসতর্ক হয়ে মোটরসাইকেল চালান, তবে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। দলগুলো চলে সদস্যদের দেওয়া সাপ্তাহিক চাঁদায়। এভাবেই প্রাথমিক তহবিল গড়ে উঠেছে। তহবিলের অর্থ থেকে মোটরসাইকেলের পরিচর্যা করা হয়। আবার দলের কোনো সদস্য আহত হলে তাঁর চিকিৎসার পেছনে খরচ করা হয়।স্ট্রিট বাইক স্টান্টের নানা কৌশল আছে। এগুলোর আছে বাহারি নাম। ‘স্টপি’ হচ্ছে মোটরসাইকেল ব্রেক করে পেছনের চাকা ওপরের দিকে দাঁড় করানো। আবার সামনের চাকা ওপরের দিকে দাঁড় করানোর কৌশলকে বলে ‘হুইলি’। ‘বার্ন আউট’ হচ্ছে সামনের চাকা বন্ধ রেখে পেছনের চাকা ঘুরানো। সে ক্ষেত্রে মোটরসাইকেলের পেছনের দিকে ধোঁয়া উৎপন্ন হয়। অনেক ক্ষেত্রে আগুনও জ্বলে উঠতে পারে। বার্ন আউটের আবার কিছু ধরন আছে। এর মধ্যে অন্যতম হলো ‘সুইসাইড বার্ন আউট’। এতে সামনের চাকায় বসে মোটরসাইকেলের হ্যান্ডেল ধরে পেছনের চাকা ঘোরানো হয়। তখন মোটরসাইকেল ঘুরে বৃত্ত তৈরি হয়। আর ধোঁয়া বের হয়ে কুণ্ডলী তৈরি করে।দুই হাত ছেড়ে পা-দানিতে দাঁড়িয়ে চলন্ত মোটরসাইকেল নিরাপদে সামনে নিয়ে যাওয়ার কৌশল হচ্ছে ‘বাইক হ্যান্ডস ফ্রি’।নগরের ‘স্টান্টম্যান’রা বেশির ভাগ সময় আফতাবনগর, বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প, মিরপুর ডিওএইচএস, পুরাতন বিমানবন্দর এলাকার নির্জন সড়কে চর্চা করেন। জেনিথ ও শাওন দাবি করেন, ‘মোটরসাইকেলের রেস ও কসরত হচ্ছে নিছক একটি খেলা। একে অন্যভাবে দেখা ঠিক নয়। তবে পর্যাপ্ত অনুশীলন ছাড়া মোটরসাইকেল নিয়ে কোনো কসরত দেখানো ঠিক নয়। না জেনে, না বুঝে যাঁরা চর্চা করছেন, তাঁদের কারণে আমাদের বদনাম হচ্ছে।’সতর্কতামোটরসাইকেলের রেস ও কসরত দেখানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে বেআইনি কার্যক্রম। মোটরসাইকেলের রেস ও কসরত সড়কে আয়োজন করা হলে অন্যান্য যানবাহনের যাত্রী ও পথচারীরা দুর্ঘটনায় পড়তে পারেন। আবাসিক এলাকায় এর চর্চা শব্দদূষণ করে এবং এতে এলাকাবাসীও দুর্ঘটনায় পড়তে পারেন। পর্যাপ্ত অনুশীলন ছাড়া এসব করতে গেলে জীবন বিপন্ন হতে পারে। হেলমেট ও নিরাপত্তা-পোশাক ছাড়া মোটরসাইকেলের রেস ও কসরত করা ঝুঁকিপূর্ণ।