দুই চিকিৎসককে মারধর করলেন আ.লীগের নেতা
বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে মারধর করেছেন আওয়ামী লীগের এক নেতা ও তাঁর লোকজন। গত মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাজমুস সাকিব (৩৫) ও সহকারী চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম (৩৮)। মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল বুধবার হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসক ও অন্য কর্মীরা। জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা ছিল বন্ধ।মারধরের অভিযোগে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে গতকাল সোনাতলা থানায় মামলা করেছেন চিকিৎসক নাজমুস সাকিব।ঘটনার বর্ণনা দিয়ে আহত চিকিৎসক সামিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে একজন রোগীকে হাসপাতালে আনা হয়। ওই সময় জরুরি বিভাগে তিনি ছাড়াও চিকিৎসক নাজমুস সাকিব ছিলেন। রোগীর লোকজন জানান, মশা মারার অ্যারোসল নাক-মুখ দিয়ে ভেতরে যাওয়ার পর রোগী নিস্তেজ হয়ে পড়েছে।সামিউল বলেন, রোগীর অবস্থা দেখে বোঝা যায়, অ্যারোসল রোগীর রক্তের সঙ্গে মিশে গেছে। এ জন্য স্বজনদের বলা হয়, এসব রোগীর চিকিৎসাব্যবস্থা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী রোগীসহ তাদের লোকজন চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির, কর্মী সোহেলসহ বেশ কয়েকজন এসে জানতে চান, হাসপাতালের চিকিৎসক কে? ওই সময় চিকিৎসক নাজমুস সাকিব ও সামিউল এসে কথা বলার সঙ্গে সঙ্গে গালাগাল শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা দুই চিকিৎসককে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড় মারতে থাকেন। এসব দেখে ছুটে আসেন হাসপাতালের কর্মচারীরা। কিন্তু হামলাকারীরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হওয়ায় কেউ ভয়ে কিছু বলতে পারেননি।গতকাল সকালে দুই চিকিৎসককে মারধরের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসক ও কর্মীরা। তাঁরা এ ঘটনার বিচারের দাবিতে তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করেন। চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগী হাসপাতাল ছেড়ে অন্য হাসপাতালের উদ্দেশে চলে যান। খবর পেয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামসহ উপজেলার অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।এ ব্যাপারে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের বক্তব্যের জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি। যোগাযোগ করলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আনোয়ার বলেন, তিনিও শুনেছেন, জাকির ও তাঁর লোকজন দুই চিকিৎসককে মারধর করেছেন।সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি থাকলেও এখন কাজ চলছে। তবে হাসপাতালের চিকিৎসক ও অন্য কর্মীরা জানিয়েছেন, সুষ্ঠু বিচার না হলে আজ বৃহস্পতিবার থেকে পুরো কর্মবিরতি চলবে।আবদুর রউফ বলেন, বিষয়টি এলাকার সাংসদ আবদুল মান্নানকে জানানো হয়েছে। তিনি বলেছেন, এ ঘটনায় তাঁর দলের লোক জড়িত থাকলে তাঁর বিচার করা হবে।মারধরের ঘটনায় আহত চিকিৎসকদের মামলা করতে বলেন বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান। সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন বলেন, চিকিৎসা কর্মকর্তা নাজমুস সাকিব আওয়ামী লীগের নেতা জাকির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।