সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে সেই নয়জনকে অভিযুক্ত করা হয়েছে। আগামী ১ জুলাই ওই সম্পূরক অভিযোগপত্রের শুনানি শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আদালত। আজ সোমবার সকালে সিলেটের অতিরিক্ত বিচারিক হাকিম আদালত শুনানির জন্য এই তারিখ ধার্য করেন।গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদাঘাটের চেঙ্গেরখালে নৌ-ভ্রমণে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ওরফে অনীক ও খায়রুল কবীর বখাটেদের হামলায় নিহত হন। পরে ওই নৌকার মাঝি গুলজার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন।তদন্ত শেষে গত ৪ মার্চ নয়জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম দফা অভিযোগপত্র দাখিল করেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জিত দাস। বাদী এ অভিযোগপত্রের ওপর নারাজি দিলে গত ৭ মে আদালত এক আদেশে অধিকতর তদন্ত করে পুলিশকে সম্পূরক অভিযোগপত্র দাখিল করতে নির্দেশ দেন। পরে আবারও তদন্ত করে প্রতিবেদন জমা দেন জালালাবাদ থানার এসআই আবদুল লতিফ।পুলিশ জানায়, অধিকতর তদন্তে শেষে অভিযোগপত্রে ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া নৌকার মাঝি গুলজার মিয়াসহ (৩০) চেঙ্গেরখাল পার্শ্ববর্তী নলকট গ্রামের ছইল মিয়া (২৬), শাহিন আহমদ (২২), লাল মিয়া (২৫), সায়েম উদ্দিন (২৩), জামাল আহমদ (২৪), রকিব আহমদ (২৫), মো. আবদুল্লাহ (২৬) ও সেলিম আহমদকে (২৪) অভিযুক্ত করা হয়।অভিযোগপত্র দাখিল করা এসআই আবদুল লতিফ জানান, তদন্তে নতুন কোনো তথ্য না পাওয়ায় নয়জনকেই অভিযুক্ত করে ১৫ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত শুনানির জন্য আগামী ১ জুলাই তারিখ ধার্য করেছেন।