দুই ছাত্রীর আনন্দ ভেসে গেল নদীর চোরাবালিতে
চৈত্র-সংক্রান্তি উত্সব উপলক্ষে নতুন জামা-কাপড় পরতে হবে। তাই সকালে ঘুম থেকে উঠেই বাড়ির পাশে বাঁকখালী নদীতে গোসল করতে নেমেছিল লিজা পাল (১৫) ও পপি পাল (১১) নামের দুই ছাত্রী। কিন্তু নদীর চোরাবালিতে আটকা পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দুজনই।কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পালপাড়া গ্রামে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। লিজা স্থানীয় বাসিন্দা বাবুল পালের মেয়ে এবং রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আর পপি স্থানীয় বাবুল পাল প্রকাশ ওরফে চাল বাবুলের মেয়ে এবং পশ্চিম রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।নিহতদের পরিবার জানায়, আজ চৈত্র-সংক্রান্তির উত্সব উপলক্ষে পরিবারের ছেলেমেয়েদের জন্য নতুন জামা-কাপড় কেনা হয়। সকালেই গোসল সারতে লিজা ও পপি বাঁকখালী নদীতে যায়। একপর্যায়ে তারা চোরাবালিতে আটকা পড়ে। অনেকক্ষণ পর তাদের লাশ ভেসে ওঠে।রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম প্রথম আলো অনলাইনকে বলেন, বাঁকখালী নদীতে এখন পানি বেশি নেই। এত কম পানিতে তাদের ডুবে মরার কথা নয়। চোরাবালিতে আটকা পড়ে এ ধরনের মৃত্যু মর্মান্তিক।