দুই ছাত্রের বিষয়ে অনিয়ম পেয়েছে কমিটি
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই ছাত্রের নিবন্ধন ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের বিষয়ে অনিয়ম পেয়েছে এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি। এই দুই ছাত্র হলেন ০৬ ব্যাচের পানিসম্পদ কৌশল বিভাগের ছাত্র মোহাম্মদ মোকাম্মেল হোসাইন ও কেমি-কৌশল বিভাগের ছাত্র সৌমিত্র সরকার।তদন্ত কমিটির প্রতিবেদন বলা হয়, দুই ছাত্রের নিবন্ধন ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের যে অভিযোগ উঠেছে, সে ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনের বিচ্যুতি ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, দুই ছাত্রের চিকিত্সা-সনদ দেওয়ার ব্যাপারে বুয়েটের প্রধান চিকিত্সক ও বুয়েটের উপাচার্যের কাছ থেকে দুই রকম বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি কমিটির বোধগম্য নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া উপাচার্য কর্তৃক দুই ছাত্রের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান বা সংশ্লিষ্ট অ্যাডভাইজারের মাধ্যমে আবেদনের সিদ্ধান্ত গ্রহণের দায়ভার রেজিস্ট্রার অফিসের ওপর ছেড়ে দেওয়ার বিষয়টি কমিটির কাছে বোধগম্য হয়নি।ওই দুই ছাত্র রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের জন্য যে আবেদন করেছিলেন, ওই আবেদনপত্রের ওপর ‘ব্যবস্থা নিন’, ‘বিধিমতো ব্যবস্থা নিন’, ‘নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিন’—এসব বাক্য ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এর মধ্যে প্রথমটির অর্থ তাঁরা আবেদনে যেমন আছে, তেমন ব্যবস্থা নিতে হবে বলে বুঝে থাকেন। অথচ উপাচার্যের বক্তব্য অনুসারে তিনটির অর্থই এক। অর্থাত্ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এতে কিছুটা গরমিল আছে বলে কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে।প্রতিবেদনে বলা হয়, বিষয়টি বিধিসম্মত না হওয়ার কথা পুরোপুরি অবগত ছিলেন উপাচার্য। ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. গোলাম মোস্তফা কী কারণে প্রত্যাহারের কাজটি নিয়ে তাড়াহুড়ো করলেন, কেন তিনি রেজিস্ট্রারকে একদমই জানালেন না, এ বিষয়টিও কমিটির কাছে গ্রহণযোগ্য হয়নি।এই তদন্ত কমিটির প্রধান আহ্বায়ক ছিলেন পুরকৌশল অনুষদের ডিন মুহাম্মদ জাকারিয়া। তিন সদস্যের এই কমিটির অন্য দুই সদস্য হলেন কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাসরুর আলী ও তড়িত্-কৌশল বিভাগের এ বি এম হারুন-উর-রশিদ।বিস্তারিত প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন