দুই ছেলেকে মানুষ করার জন্যই সংগ্রাম
রিকশাভ্যানের ওপর শুয়ে আছে বছর দুয়েকের একটি শিশু। পাশে বেশ কয়েকটি খাবারের বাটি। সেই শিশু আর খাবারের বাটিসহ ভ্যানটিকে টেনে নিয়ে চলছেন এক তরুণী মা। মাঝে একেকটা দোকানের সামনে থেমে একটি করে খাবারের বাটি ওই দোকানে নামিয়ে দিয়ে আবারও ছুটছেন সামনে দিকে। খানিকবাদে আবার নিজের ওড়না দিয়ে মুখের ঘামটা মুছে পেছনে ভ্যানে শুয়ে থাকা শিশু আল-আমিনকে একটু আদর করে এসে আবারও পা রাখেন ভ্যানের প্যাডেলে। ভ্যান ছুটে চলেছে সামনে দিকে, আর ভ্যানের প্যাডেলে ভর করে ছুটে চলেছে বেবী খাতুনের জীবন।ভ্যানচালক বেবী খাতুনের স্বামী তাঁকে ছেড়ে গেছেন বেশ কিছুদিন হয়। এখন দুই সন্তানসহ তিনজনের পরিবার নিয়ে বেবী খাতুন থাকেন ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায়। বড় ছেলের বয়স চার বছর। তাই তাকে ঘরে রেখে ছোট ছেলে আল-আমিনকে সঙ্গে নিয়ে ভ্যান চালান তিনি। ঘরের কাজকর্ম সেরে বেলা ১১টায় ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন বেবী। তারপর ইসলামপুর ও পাটুয়াটুলীর বিভিন্ন দোকানদারের বাড়ি গিয়ে তাঁদের জন্য দুপুরের খাবার সংগ্রহ করে সেই খাবার দোকানে পৌঁছে দেওয়াই তাঁর কাজ। প্রতিদিনই এ কাজ চলে বেলা দুইটা পর্যন্ত। এ কাজ করে যা রোজগার হয়, তা দিয়েই ঢিমেতালে চলে তিনজনের ছোট্ট সংসার। বেলা দুইটার পর কাজ থেকে ছুটি মিললে মনের আনন্দে ঘরে ফেরেন বেবী। তারপর দুই ছেলেকে নিয়ে কষ্টের মাঝেও হাসি-খেলায় মেতে ওঠেন তিনি। সন্তানদের ভবিষ্যত্ নিয়ে ভীষণ শঙ্কিত বেবী, শঙ্কিত নিজের জীবন নিয়েও।এত কাজ থাকতে রিকশাভ্যান চালান কেন—এ প্রশ্ন শুনেই একগাল হেসে দিয়ে বলেন, ‘দুই ছেলেকে মানুষ করার জন্যই তো এই কষ্ট করা, এই সংগ্রাম।’ এরপর নিজেকে আড়াল করতে রিকশাভ্যানের ঘণ্টিটা বাজাতে বাজাতে ভ্যানের প্যাডেলে পা রেখে সামনের দিকে চলে যান বেবী।