দুই জঙ্গি আবারও রিমান্ডে
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও হিজবুল মুজাহিদিনের সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ (৪৫) ও সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাককে (৩০) আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে বিমানবন্দর থানার পুলিশ। আজ রোববার তিন দিনের রিমান্ড শেষে তাঁদের ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহারের আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার অবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বুধবার দুই জঙ্গিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া মালেক পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার সমন্বয়ক। আর সাফি ভারতের কাশ্মীরে তত্পর হিজবুল মুজাহিদিনের সদস্য। তাঁদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৭ ও ১১ ধারায় মামলা করে।