দুই জায়গায় ৬৩ জনের সন্ধান, দেওয়া হচ্ছে অক্সিজেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় একজন জীবিত থাকা সাপেক্ষে উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছেন উদ্ধারকাজ তদারককারী লে. কর্নেল এস এম সোলায়মান। আজ বৃহস্পতিবার রাতে তিনি প্রথম আলো ডটকমকে এ কথা জানান।এস এম সোলায়মান বলেন, ভবনের পেছন দিকে দুটো জায়গায় প্রায় ৬৩ জনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি জায়গায় ৪০ জন, অন্য জায়গায় ২৩ জন। ৪০ জনের মধ্যে থেকে দুজন জীবিত উদ্ধার করা হয়েছে। ওই জায়গায় ভবনের ওপর থেকে ৫০০ ফুট একটি পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও ওই পাইপ দিয়ে তাদের খাবারও পাঠানো হচ্ছে। ভবনের আর একটি জায়গা থেকে ২৩ জনের মধ্যে থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এস এম সোলায়মান আরও জানান, যে জায়গায় ৪০ জনের সন্ধান পাওয়া গেছে সেখানে একটি বিমের কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। তাঁদের উদ্ধারে সবকিছুই করা হবে বলেও তিনি জানান।গতকাল বুধবার সকালে সাভারের রানা প্লাজা নামের নয়তলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রশাসন। এ ছাড়ও সহস্রাধিক লোক আহত হয়েছেন।রানা প্লাজার তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত ছিল পোশাক কারখানা। নিচের দুটি তলায় ছিল বিপণিকেন্দ্র, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। হরতালের কারণে বিপণিকেন্দ্র বন্ধ ছিল। ভবনে ফাটল ধরায় ব্যাংকটি আগের দিন তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।ধসে পড়া ভবনের তৃতীয় তলায় আগের দিন ফাটল দেখা গিয়েছিল। এ জন্য পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল কাজে যোগ দিতে চাননি। মালিকেরা কাজে যোগ দিতে বাধ্য করেছেন বলে আহত শ্রমিকেরা দাবি করেছেন।সাভারে ভবনধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।