দুই জেলায় কালবৈশাখী, কাঁচা ঘর বিধ্বস্ত (ভিডিও)
নোয়াখালীতে আজ বুধবার ও পটুয়াখালীতে গতকাল মঙ্গলবার বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। এতে অনেক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে বহু লোক।আমাদের আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:নোয়াখালী: সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর, চর ক্লার্ক ও চর আমানউল্লাহ ইউনিয়নের ওপর দিয়ে আজ সকাল ১০টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী বয়ে যায়। এতে ওই তিনটি ইউনিয়নের পাঁচ শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয় এবং অনেক গাছপালা উপড়ে যায়। ঝড়ের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের কয়েক শ কাঁচা ঘর, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বেশ কিছু দোকানঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অনেকে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।একই ইউপির সদস্য মো. বাবুল বলেন, তাঁর ইউনিয়নের চর নোমান, চর উড়িয়া ও চর কনকে ঝড়ে ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। এ ছাড়া কাঁচা ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, মোহাম্মদপুর, চর ক্লার্ক ও চর আমানউল্লা ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বেশ কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।পটুয়াখালী: গতকাল বিকেল থেকে পটুয়াখালীর আকাশ ছিল মেঘে ঢাকা। সন্ধ্যায় হালকা বৃষ্টিসহ দমকা হাওয়া বইতে শুরু করে। রাত আটটার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। ঝড় স্থায়ী ছিল নয় মিনিট। পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটা এক মিনিট থেকে আটটা ১০ মিনিট পর্যন্ত জেলায় কালবৈশাখী বয়ে যায়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। পটুয়াখালী পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী হাফিজ আহমেদ জানান, কালবৈশাখীতে পটুয়াখালী সদর উপজেলার কুয়াকাটা মহাসড়কের পাশে নয়টি ও গলাচিপা উপজেলায় একটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এরপর কলাপাড়া, কুয়াকাটা ও গলাচিপায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। খুঁটিগুলো দ্রুত মেরামতের কাজ চলছে। আজ সকাল ১০টার দিকে কলাপাড়া ও কুয়াকাটায় বিদ্যুত্ সরবরাহ করা হলেও বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত গলাচিপায় বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্ত রঞ্জন বৈদ্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে পড়া ও কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুনেছি।’ তিনি জানান, প্রতিটি উপজেলায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।