দুই জেলায় কালবৈশাখীতে নিহত ৩
গতকাল শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে মাগুরায় দুজন ও চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছে। প্রত্যদর্শী, স্থানীয় সূত্র ও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য জানা যায়।মাগুরা: মাগুরা জেলার সদর, শালিখা ও শ্রীপুর উপজেলার একাংশের ওপর দিয়ে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীপুরে ঝড়ের সময় ঘর চাপা পড়ে মারা গেছেন দুজন। নিহতরা হলেন শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নের চাকদা গ্রামের বাহাদুর বিশ্বাস (৬৫) ও আমলসার ইউপির মাদিয়াপাড়া গ্রামের ছায়েতুন্নেছা (৭৫)। ঝড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ছাড়া কালবৈশাখীতে মহম্মদপুর উপজেলায়ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত সোয়া আটটার দিকে আকস্মিক হালকা বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। পাঁচ-সাত মিনিট স্থায়ী হওয়া ওই ঝড় শালিখা, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ে মুহূর্তের মধ্যেই বাড়ি-ঘর, গাছপালা, মাঠের ফসল সব লন্ডভন্ড হয়ে যায়। এতে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। মাগুরা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক ইনছে আলী প্রথম আলো ডটকমকে বলেন, কালবৈশাখীতে অন্তত ৩৫ জায়গায় বড় বড় গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। ১৬টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। ফলে পল্লী বিদ্যুতের পুরো সিস্টেম বন্ধ রয়েছে। তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের ক্ষতিগ্রস্ত খুঁটিসহ আনুষঙ্গিক মেরামতের কাজ চলছে। প্রায় ২০ ঘণ্টা পর মাগুরা শহরে বিদ্যুতের দুটি ফিডার চালু করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অপূর্ব কুমার মন্ডল সেখানে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রীপুরের প্রতিটি ইউনিয়নই ঝড়ে কম-বেশি ক্ষতিগস্ত হয়েছে। বেশি ক্ষতি হয়েছে সদর, গয়েশপুর ও আমলসার ইউনিয়নে। উপজেলায় ঝড়ে দুই হাজারের বেশি কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন্নাহার বলেন, ঝড়ে আড়পাড়া, ধনেশ্বগাতি ও শতখালি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের পর বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসু দ্দৌজা বলেন, কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে গেছে। তবে অন্য উপজেলার ক্ষয়ক্ষতির তুলনায় তা অনেক কম। তিনি বলেন, আমি এলাকা ঘুরে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছি। মাগুরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, প্রাথমিক হিসেবে জেলায় ১০-১২ হাজার হেক্টরের বেশি বোরো ধান আক্রান্ত হয়েছে। তিনি বলেন, মোটামুটিভাবে ৫-৭ শতাধিক একর জমির কলা ও পেঁপে খেত ধ্বংস হয়েছে। এ ছাড়া মৌসুমী ফল বিশেষ করে গাছে থাকা আম-লিচুর গুটি ব্যাপক ভাবে ঝরে পড়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণ করতে অন্তত দুদিন লাগবে। মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহমেদ বলেন, কালবৈশাখী ঝড়ে মাগুরা সদর ও শ্রীপুরের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ক্ষতি নিরুপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকম সহায়তা দেওয়া হবে। চুয়াডাঙ্গা: গতকাল রাতে ঝড়ের সময় জেলার জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের একটি মসজিদে এশার নামাজ পড়ছিলেন মুসল্লিরা। এ সময় ঝড়ে মসজিদের টিনের চাল ভেঙে পড়লে এর নিচে চাপা পড়ে ওই গ্রামের নুর ইসলাম (৫৫) মারা যান। আহত হয়েছেন ১২ জন মুসল্লি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ঝড়ে ওই উপজেলার অনেক গাছপালা উপড়ে পড়েছে।আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামে বজ্রপাতে রহিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। ঝড়ের কারণে গতকাল রাত আটটা থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত ১৩ ঘণ্টা চুয়াডাঙ্গায় বিদ্যুত্ ছিল না। এ কারণে আজ শনিবার সকালে পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। চুয়াডাঙ্গার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে বয়ে যাওয়া ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৮ মিলিমিটার। জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকার জানান, গতকাল রাতের বৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হলেও ধান-পাটের জন্য তা ভালো হয়েছে।