দুই জেলায় ঢিলেঢালা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে সাতক্ষীরা ও নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে সাতক্ষীরায় সাতজন ও নোয়াখালীতে তিনজন কর্মী নিহত হয়েছেন দাবি করে এ হরতালের ডাক দেয় জেলা জামায়াত।নোয়াখালী: সকালে শহরের দত্তেরহাট, নতুন বাসস্ট্যান্ড, সোনাপুর ও পৌর বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এ সময় সেবারহাটে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন শিবিরকর্মীরা। এ ছাড়া সেবারহাট ও ছমির মুন্সিরহাট বাজারে সংবাদপত্রের গাড়ি আটকে রাখেন তাঁরা। পরে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।নোয়াখালীর পুলিশ সুপার মাহবুব রশীদ প্রথম আলো ডটকমকে জানান, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সংবাদপত্রের গাড়ি আটকে রাখার বিষয়ে স্থানীয় থানার পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে হরতালের সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে শহরের বাইরে পিকেটাররা আলীপুর, ছনকা, ঘোনাসহ কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করলে পুলিশ তা সরিয়ে দেয়। হরতালে সাতক্ষীরা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রাক, পিকআপ, ইঞ্জিনচালিত ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। শহরের অধিকাংশ দোকানপাট সকাল থেকে খোলা ছিল। সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, হরতাল তেমন কোনো প্রভাব ফেলেনি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ১৪৪ ধারা জারি রয়েছে।