দুই জেলায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ
লালমনিরহাট ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুই জেলায় দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ ও দিনকাল পত্রিকা বর্জনের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া বরগুনা শহরের নজরুল ইসলাম সড়কে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। লালমনিরহাটে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ, পত্রিকা বর্জনলালমনিরহাটে সচেতন ছাত্র-যুবসমাজের ব্যানারে একদল তরুণ দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ ও দিনকাল পত্রিকা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের মোগলহাট রেলগেট চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তাঁরা এ ঘোষণা দেন।এদিকে গতকাল রোববার রাত থেকে লালমনিরহাটে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে জেলা কেবল টিভি সম্প্রচার নেটওয়ার্ক।এ ব্যাপারে জেলা কেবল টিভি সম্প্রচার নেটওয়ার্কের পক্ষে মো. সাইফুল ইসলাম বলেন, গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে গতকাল রাত নয়টা থেকে লালমনিরহাটে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। বরগুনায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুরবরগুনায় আজ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছে সাধারণ মানুষ। এ সময় শহরের নজরুল ইসলাম সড়কে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা প্রথম আলো ডটকমকে জানান, বিক্ষুব্ধ জনতা মিছিল থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুরের চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তেমন কোনো ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ইসলামী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, হামলার কারণে এটিএম বুথে সমস্যা দেখা দেয়। সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে ব্যাংকের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।ধরমপাশায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদর বাজারের স্থানীয় দুটি কেবল নেটওয়ার্কের ব্যবসায়ীরা গতকাল রাত থেকে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সদর উপজেলার মধ্যবাজার এলাকায় প্রজন্ম জাগরণ মঞ্চের সমাবেশ থেকে দিগন্ত টিভি বন্ধের আহ্বান জানানো হয়। এতে সমর্থন জানিয়ে রাত ১০টা থেকে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেয় স্থানীয় কেবল নেটওয়ার্কের দুটি সংগঠন। এ ছাড়া সমাবেশ থেকে দৈনিক নয়া দিগন্ত ও সংগ্রাম পত্রিকাকে বর্জন করার আহ্বান জানানো হয়। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, বরগুনা এবং লালমনিরহাট ও ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি]