দুই জেলায় পরিবহন ধর্মঘট চলছে
বাগেরহাট ও পঞ্চগড়ে আজ রোববার তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন ইস্যুতে এ ধর্মঘটের ডাক দেয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণযাত্রীরা।বাগেরহাট: বাগেরহাটের ১৮টি রুটে নছিমন, করিমন, মহেন্দ্র, ভটভটিসহ অবৈধ পরিবহন বন্ধের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের আটটি সংগঠন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।গত শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকা, পিরোজপুর, খুলনাসহ অন্যান্য জেলায় দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ধর্মঘট শুরুর পর থেকে আজ সকাল পর্যন্ত প্রশাসন এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে তাঁদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।পঞ্চগড়: অটোবাইকচালক ও মোটর পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে পঞ্চগড়ে আজ তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ফলে জেলার ১১টি রুটে তিন দিন ধরে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। জটিলতা নিরসনে প্রশাসন উদ্যোগ নিলেও এতে সাড়া দেননি ক্ষুব্ধ শ্রমিকেরা। তাঁদের দাবি, নসিমন, করিমন, অটোরিকশাসহ সব অবৈধ যান বন্ধ করতে হবে।পুলিশ ও পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলার ময়দানদীঘি এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোবাইকচালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন পরিবহন শ্রমিক সামান্য আহত হন।এর জের ধরে গত শুক্রবার সকাল থেকে ঘটনার সঙ্গে জড়িত অটোবাইকচালকদের গ্রেপ্তারসহ নানা দাবিতে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকেরা। তাঁদের বাধার মুখে অটোবাইকসহ ডিজেলচালিত তিন চাকার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার প্রথম আলো ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে মালিক সমিতি রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছেন। তিনি আরও বলেন, এর আগে গত ৩০ মার্চ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বাস মালিক সমিতি একই দাবিতে ২০ এপ্রিল থেকে ওই তিন জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল বাস ধর্মঘট তুলে নেওয়া হয়। কিন্তু এর পরও সমস্যার সমাধান না হওয়ায় আবার ধর্মঘট ডাকা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।