দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
মানিকগঞ্জ ও পাবনায় আজ শনিবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন।মানিকগঞ্জ: জেলার ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাচুরিয়া এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: সিঙ্গাইর উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামের মোহন মিয়া (৫০), জহুরা বেগম (৭০), জাহানারা বেগম (৬০), মনোয়ারা বেগম (৬০), রোকেয়া বেগম (৩৫), নূরজাহান বেগম (৫২) ও শাহাতন বেগম (৫০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে টেম্পোর পাঁচজন যাত্রী নিহত হন। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মোহন এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রোকেয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাতজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার প্রথম আলো ডটকমকে দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌহার্দ্য পরিবহনের বাসটি দুর্ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মহাসড়কের তরা এলাকায় রেখে চালক পালিয়ে গেছেন। পুলিশ বাসটি আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।পাবনা: জেলার জালালপুর এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে আজ সকালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: পাবনার সাঁথিয়া উপজেলার ইমরান হোসেন (১৭) ও সদর উপজেলার ভাদু প্রামাণিক (৫০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে সাঁথিয়া থেকে পাবনা সদরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি জালালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।