দুই জেলায় গণপিটুনিতে নিহত ৫
ময়মনসিংহের ত্রিশাল ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গতকাল শুক্রবার গভীর রাতে এলাকাবাসীর পিটুনিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন ডাকাত ও একজন গরুচোর। এ দুটি ঘটনায় সাতজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।ত্রিশাল: গতকাল দিবাগত রাত তিনটার দিকে ১০ সদস্যের একটি ডাকাত দল ত্রিশাল পৌর এলাকার ভাটিপাড়া ও উপজেলার কানহর গ্রাম থেকে দুটি ট্রান্সফরমার লুটে নেয়। ট্রাকে করে ট্রান্সফরমারগুলো বালিপাড়া নিয়ে যাচ্ছিল তারা। পথে পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। ডাকাতদের লক্ষ্য করে পুলিশ শটগান থেকে আটটি গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে দুই ডাকাতের মৃত্যু হয়। পরে পুলিশ সেখানে এসে বাকি আট ডাকাতকে আটক করে। এর মধ্যে গুরুতর আহত চারজনকে পুলিশ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরও দুই ডাকাত মারা যায়। বাকি দুই ডাকাত ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, চার ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে। আটক অপর দুই ডাকাত হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট এলাকায় এলাকাবাসীর পিটুনিতে মোহাম্মদ বাবু (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাতেম আলী (৩৬) নামের অপর এক ব্যক্তি। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বাবু ও হাতেম ওই এলাকায় গরু চুরি করতে এসেছিলেন। বাবুর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রায়পাড়া গ্রামে।এলাকাবাসীর ভাষ্য, রাত দেড়টার দিকে কয়েকজন চোর দবির মোল্লা গেট এলাকার রমজান আলীর বাড়িতে গরু চুরি করতে ঢোকে। এ সময় বাড়ির মালিক ও প্রতিবেশীরা টের পেয়ে তাদের তাড়া করে। একপর্যায়ে এলাকাবাসী দুই গরুচোরকে ধরে পিটুনি দেয়। এতে বাবু ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন হাতেম। পরে পুলিশ সেখানে গিয়ে বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত হাতেমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়ার পর থানায় নেওয়া হয়েছে।হাতেম আলীর বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, চারজনের একটি দল রমজান আলীর বাড়িতে গরু চুরি করতে গিয়েছিল। স্থানীয় লোকজন তাদের তাড়া করলে অন্য দুই চোর পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।