দুই জেলায় দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আজ বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন।চট্টগ্রাম: মহানগরের পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে ভোর চারটায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. শাহ আলম (৫৫) ও তাঁর ভাইয়ের ছেলে মো. রুবেল (২৩)।চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিদেশফেরত ছেলেকে আনতে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে বিমানবন্দরে যাচ্ছিলেন শাহ আলম। বিমানবন্দর সড়কের পদ্মা তেল ডিপোর সামনে পৌঁছার পর মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যমুনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেন। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ মাইক্রোবাসের সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিত্সক শাহ আলম ও রুবেলকে মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ভোর সাড়ে চারটার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তি হলেন আবুল মিয়া (৫৮) ও নান্নু মিয়া (৪৭)।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলো ডটকমকে জানান, লন্ডন থেকে আসা ছোট ভাইকে বিমানবন্দর থেকে আনতে ভোরে মাইক্রোবাসে করে বাড়ি থেকে রওনা হন আবুল মিয়া ও তাঁর স্বজনেরা। আশুগঞ্জের বগইর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আবুল মিয়া ও চালক নান্নু মিয়া মারা যান। আহত ব্যক্তিদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।