দুই জেলায় স্বাস্থ্য বিভাগে নিয়োগে অনিয়মের অভিযোগ, ভাঙচুর
গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে। এ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ এনে ফল বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও ভাঙচুর করা হয়েছে।এদিকে ঝিনাইদহের সদর হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার ফল স্থগিতের ঘোষণায় গতকাল হাসপাতাল ও সিভিল সার্জনের বাসভবনে হামলা হয়েছে। এ নিয়োগে অনিয়ম করা হচ্ছে বলে হামলাকারীরা অভিযোগ করেছেন।গাইবান্ধা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়া হয়। ওই তালিকায় নিজেদের নাম না পেয়ে শতাধিক চাকরিবঞ্চিত ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাঁরা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে ইটপাটকেল ছোড়েন। বিক্ষোভকারীরা ওই কার্যালয়ের দরজা-জানালায় ভাঙচুর চালান। একপর্যায়ে সিভিল সার্জন রফিকুল ইসলাম দ্রুত তাঁর কার্যালয় ত্যাগ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাম প্রকাশ না করার শর্তে চাকরিবঞ্চিত একাধিক প্রার্থী প্রথম আলোকে জানান, স্বজনপ্রীতি ও মোটা অঙ্কের উৎকোচ নিয়ে বিভিন্ন শ্রেণীতে লোক নিয়োগ দেওয়া হবে—এমন আশঙ্কা করা হচ্ছিল। ফল প্রকাশের পর ওই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। উত্তীর্ণদের তালিকায় সিভিল সার্জন কার্যালয়ের এক অফিস সহকারীর শ্যালক রয়েছেন। এ ছাড়া অফিস সহকারী পদে দুজন চিকিৎসকের ভাগনে ও ভাতিজার নাম রয়েছে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে গতকাল সাপ্তাহিক ছুটির দিনে ফল ঘোষণা করা হয়। স্টোরকিপার পদে পরীক্ষায় ভালো করেও চাকরি পেলাম না।’ গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের বাবলী বেগম অভিযোগ করেন, ‘মৌখিক পরীক্ষাও ভালো দিয়েছি। কিন্তু টাকা দিতে পারিনি বলে চাকরিটা হলো না।’ সাদুল্যাপুর উপজেলার এমএলএসএস পদের প্রার্থী মিজানুর রহমান ও পলাশবাড়ী উপজেলার বাঁশহাটি গ্রামের আবদুল আউয়াল অভিযোগ করেন, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে মোটা অঙ্কের ঘুষ নিয়ে সিভিল সার্জন তড়িঘড়ি করে ফলাফল টাঙিয়ে দিয়েছেন। বিক্ষোভকারীরা জানান, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ এনে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবরে ফ্যাক্সবার্তা পাঠানো হয়। অভিযোগের জবাবে সিভিল সার্জন রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ ভিত্তিহীন। নিয়মানুযায়ী পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হয়েছে।প্রসঙ্গত, জেলা স্বাস্থ্য বিভাগের ৬১টি শূন্যপদের বিপরীতে ২৪ সেপ্টেম্বর স্টোরকিপার, অফিস সহকারী, পরিসংখ্যানবিদ, মেকানিক, ড্রাইভার, পিয়ন, ও নিরাপত্তা প্রহরী পদে লিখিত পরীক্ষা হয়। ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ৬১টি পদের বিপরীতে দুই হাজার ৭২৯টি আবেদন জমা পড়ে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও ভাঙচুরের ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঝিনাইদহ: এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২০টি পদে কর্মচারী নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিতের খবরে গতকাল দুপুরে সদর হাসপাতাল ও সিভিল সার্জনের বাসায় হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একদল যুবক প্রথমে সিভিল সার্জনের বাসভবনে হামলা চালান। সেখানে সিভিল সার্জনকে না পেয়ে হাসপাতালের ওয়ার্ডবয় নুরুল ইসলামকে মারধর করেন। এরপর তাঁরা সদর হাসপাতালের আরএমওর কক্ষের চেয়ার-টেবিল, চায়ের কাপ-পিরিচ ভাঙচুর করেন। একাধিক চাকরিপ্রার্থী অভিযোগ করেন, তাঁদের চাকরি দেওয়ার নাম করে কিছু কর্মকর্তা তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। এখন ফলাফল স্থগিত করে চাকরি থেকে তাঁদের বঞ্চিত করার চক্রান্ত চলছে। ঝিনাইদহের সিভিল সার্জন কেরামত আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে এই ফলাফল স্থগিত করা হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই।