দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কে এবং গতকাল রোববার রাতে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে।বগুড়া: নন্দীগ্রামের ইউসুফপুর এলাকায় আজ সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে দুই মাছ ব্যবসায়ী নিহত হন। আহত হয়েছেন আরও আটজন যাত্রী। নিহত দুই মাছ ব্যবসায়ী হলেন, আশরাফ আলী (৫০) ও সমতাজ উদ্দিন (৬০)। আশরাফের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার খড়িপাকিয়ায় এবং সমতাজের বাড়ি একই উপজেলার ইটালী গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দেওয়ার সময় বাসটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে। বাসের ছাদে ভ্রমণরতা আশরাফ ও সমতাজ ঘটনাস্থলে নিহত হন। আহত যাত্রীদের নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিংড়া ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাবনা: ঈশ্বরদী উপজেলায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন, ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকার ফারুক হোসেন (৩৫) ও পাবনার আটঘরিয়া গ্রামের আতিকুর রহমান (২৬)।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটির বহরপুর গ্রামে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফারুক ও আতিকুর নিহত হন। আহত হন সোহাগ নামে অপর এক মোটরসাইকেল আরোহী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠায়।