দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ ও ফেনীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আজ বুধবার দুজন ও ফেনীর দাগনভূঞা উপজেলায় গতকাল মঙ্গলবার তিনজন নিহত হন।নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:নারায়ণগঞ্জ: আড়াইহাজারের কালীবাড়ি এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কে সকাল সাতটার দিকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে দুজন নিহত হন। তাঁরা হলেন: অটোরিকশাচালক মিজানুর রহমান (৩২) ও অটোরিকশার যাত্রী ঠাকুর দাস (৩৫)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, কালীবাড়ি সেতুর সামনে একটি রিকশাকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মিজানুর ও ঠাকুর দাস নিহত হন। আহত হন অপর তিন যাত্রী। তাঁদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।ফেনী: ফেনীর দাগনভূঞার ফেনী-নোয়াখালী সড়কে গতকাল রাতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও দুজন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে দাগনভূঞার তুলাতলী বাজার এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক আনোয়ার হোসেন (২৭) ও মাসুদুর রহমান নামের এক যাত্রী নিহত হন। আহত হন অপর তিন যাত্রী। তাঁদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মো. বাহার মিয়া (৩৭) নামের এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।