নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয় ও বিতরণের দায়ে আজ বুধবার রাজধানীর শান্তিনগর ও ফকিরাপুল বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে আটজন বিক্রয়কারী ও ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা এবং তাঁদের মোট ৯৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি এই অভিযানে প্রায় দুই টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) সুকুমার বিশ্বাসের নের্তৃত্বে পরিচালিত এই অভিযানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিমউদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ২০১০ সময়ে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী সপ্তাহের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করছে। পরবর্তী সময়ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে।