কার্লোস দুঙ্গা নাকি ‘গ্রুপ অব ডেথ’তত্ত্বে বিশ্বাস করেন না। কিন্তু ফুটবল ভক্তরা দুঙ্গার সঙ্গে একমত হবে বলে মনে হয় না। খুব সহজ একটা কথা—এই গ্রুপের ফলাফল যা-ই হোক না কেন কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো ও দিদিয়ের দ্রগবাদের মধ্যে কমপক্ষে একজন দ্বিতীয় পর্বের আগেই বাড়ি ফিরে যাবেন!ব্রাজিল বিশ্বকাপ খেলতে আসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য—এ কথা নিয়ে এতগুলো বছর পেরিয়ে আসার পর আর তর্ক চলে না। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল দুঙ্গার অধীনে ফুটবলের সৌন্দর্য হারিয়েছে বলে অনেক সমালোচনা হয়েছে। সেই সমালোচনায় ব্রাজিলের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। দুঙ্গার অধীনেও যথারীতি অপ্রতিরোধ্য ‘সেলেসাও’রা।ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে চ্যাম্পিয়ন হয়েই। বিশ্বকাপে আসার আগে কোপা আমেরিকা আর কনফেডারেশনস কাপের মতো দুটো বড় টুর্নামেন্ট জিতে ঘোষণা দিয়ে রেখেছে ষষ্ঠ শিরোপা জয়ের পথেই আছে তারা। হুলিও সিজার, কাকা, রবিনহো, লুইস ফ্যাবিয়ানোরা জানান দিচ্ছেন—হলুদ জার্সিটার সম্মান রাখার ক্ষমতা তাঁদের আছে।ব্রাজিলের গ্রুপে থাকাটাই বাকি দলগুলোর জন্য একটা দুর্ভাগ্য বিবেচিত হতে পারে। ‘দুর্ভাগ্য’ এবার হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের আর দ্রগবার আইভরিকোস্টের।ব্রাজিল বিশ্বের সেরা দল, সেই র্যাঙ্কিংয়ের হিসাবেই পর্তুগাল এখন বিশ্বের তিন নম্বর দল। যদিও বিশ্বকাপ বাছাইপর্বে খুব ভালো পারফরম্যান্স ছিল না দলটির। শেষ পর্যন্ত কার্লোস কুইরোজের পর্তুগালকে প্লে-অফ খেলে আসতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তবে এই পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপে দলটিকে বিবেচনা করতে যাবেন না।পর্তুগালের আক্রমণভাগে থাকবেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার একাই যেকোনো ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। সঙ্গে ব্রাজিলের বংশোদ্ভূত পেপে, ডেকো আর লিয়েডসনকে যোগ করুন। ব্রাজিলকে কাঁপিয়ে দিতে দুঙ্গা-কথিত এই ‘ব্রাজিল-বি’ দল নিশ্চয়ই কম যাবে না।ঝামেলাটা ব্রাজিল আর পর্তুগালের মধ্যে হলে কথা ছিল না। এর পরই আছে আইভরিকোস্ট। জার্মানি বিশ্বকাপে আর্জেন্টিনা নেদারল্যান্ডের কাছে হারলেও দ্রগবারা ভালোই বুঝিয়ে দিয়েছিলেন, বিশ্ব ফুটবলে স্থায়ী হতেই এসেছেন তাঁরা। এবার বিশ্বকাপে আসার পথে বাছাইপর্বে একটি ম্যাচও হারেনি আইভরিকোস্ট।বিশ্বকাপে আইভরিকোস্টের বড় ভরসা এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা চেলসি স্ট্রাইকার দ্রগবা। সঙ্গে কোলো ও ইয়া তোরে ভাইয়েরা এবং সলোমন কালুর কথাও মাথায় রাখুন। এঁদের সম্মিলিত প্রচেষ্টায় অঘটনের বলি হতেও পারে ব্রাজিল বা পর্তুগাল।উত্তর কোরিয়া নিজে এমন কোনো দল নয় যে বাকিদের টপকে স্বাভাবিকভাবে দলটি দ্বিতীয় পর্বে চলে যাবে। কিন্তু কোরিয়ার এই গ্রুপে থাকাটা একটা তেতো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে পর্তুগালকে। ১৯৬৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়া পর্তুগালকে প্রায় হারিয়েই দিয়েছিল।ম্যাচের মাত্র ২৫ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল উত্তর কোরিয়া। এর পর ইউসেবিওর অতিমানবীয় কীর্তি চার গোল ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতায় পর্তুগালকে।১৯৬৬ বিশ্বকাপের স্মৃতি বিব্রত করতে পারে ব্রাজিলকেও। সেবার পর্তুগালের গ্রুপেই পড়েছিল ব্রাজিল। হাঙ্গেরি আর পর্তুগালের চাপে সেবার প্রথম পর্বই পার হতে পারেনি পেলের দল। এবার না হাঙ্গেরির জায়গায় আইভরিকোস্টের নাম বসে যায়!ব্রাজিল গোলরক্ষক: হুলিও সিজার, দনি, হুরেলহো গোমেজ।ডিফেন্ডার: লুইসাও, লুসিও, হুয়ান, থিয়াগো সিলভা, দানি আলভেজ, মেইকন, মিশেল বাস্তোস, জিলবার্তো। মিডফিল্ডার: জিলবার্তো সিলভা, হসু, এলানো, কাকা, রামিরেস, ফেলিপ মেলো, হুলিও ব্যাপ্টিস্টা, ক্লেবারসন। ফরোয়ার্ড: লুইস ফ্যাবিয়ানো, নিলমার, গ্রাফিতে, রবিনহো।পর্তুগাল গোলরক্ষক: এদুয়ার্দো, বেতো, দানিয়েল ফার্নান্দেজ।ডিফেন্ডার: দুদা, ব্রুনো আলভেস, পাওলো ফেরেইরা, মিগুয়েল ব্রিটো, রিকার্ডো কারভালহো, রোলানদো, ফাবিও কোয়েত্রাও, পেপে, জে কাস্ত্রো, রিকার্ডো কস্তা। মিডফিল্ডার: ডেকো, টিয়াগো, রাউল মিরেলেস, পেদ্রো মেন্ডেজ, মিগুয়েল ভেলোসো। ফরোয়ার্ড: নানি, সিমাও সাব্রোসা, ক্রিস্টিয়ানো রোনালদো, হুগো আলমেইডা, ড্যানি, লিডসন।আইভরিকোস্ট গোলরক্ষক: বোবাকার ব্যারি, আংবান দানিয়েল ইবোয়াহ, আরিস্টাইড জোগবো।ডিফেন্ডার: সুলেমান বাম্বা, আর্থার বোকা, ইমানুয়েল এবু, আবদুলাই মেইতে, সিয়াকা তিয়েন, কোলো তোরে, গাই দেমেল, স্টিভ গোহুরি, বেনজামিন আঙ্গুয়া। মিডফিল্ডার: এমারসে ফে, কফি রোমারিক, চেইক তিওতে, ইয়াইয়া তোরে, জিলেস ইয়াপি ইয়াপো, দিদিয়ের জোকোরা, কাঙ্গা আকালে, ইমানুয়েল কোন। ফরোয়ার্ড: ওরুনা দিনদানে, সেইডু দোমবিয়া, দিদিয়ের দ্রগবা, সলোমন কালু, আবদুল কেইটা, বাকারি কোন, গারভিনহো, গোসো গোসো, ল্যাসিনা ত্রারাওরে।উত্তর কোরিয়া গোলরক্ষক: কিম-মিয়ং-গিল, কিম মায়ং-ওয়ান, রি-মিয়ং গাক।ডিফেন্ডার: চা জং-হিওক, নাম সং-চোল, পাক চোল জিন, পাক নাম চোল, রি জুন-ইল, রি-কোয়াং চোন, রি কোয়াং-হিওক। মিডফিল্ডার: আন ইয়াং-হাক, জি ইয়ুন-নাম, কিম ইয়াং-ইল, মুন ইন গাক, রি চোল-মায়াং, পাক নাম-চোল, পাক সুং-হিওক। ফরোয়ার্ড: আন চোল-হিওক, চো কুম-চোল, হং ইয়ং-জো, জং তে-সে, কিম কুম-ইল।