মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার চারটি মামলার কার্যক্রম চলে। ট্রাইব্যুনাল-১-এ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও বর্তমান নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা দুটির কার্যক্রম চলে। অপর ট্রাইব্যুনালে ছিল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান এবং বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মামলা।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ সাঈদীর বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের তৃতীয় সাক্ষী মো. নুরুল হক হাওলাদারের জেরা গতকাল শেষ করে রাষ্ট্রপক্ষ। গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ও জব্দ তালিকার প্রথম সাক্ষী মো. এজাবউদ্দিন মিয়া জবানবন্দি দিয়েছেন। এ সময় তিনি ১৯৭১ ও ১৯৭২ সালের বিভিন্ন পত্রিকার প্রতিবেদন প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। তিনি আজ বৃহস্পতিবারও জবানবন্দি দেবেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী জিয়াউল ইসলামকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীর অসুস্থতার কারণে আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সাইদুর রহমানকে আসামিপক্ষের জেরার দিন ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।এ ছাড়া আদালত অবমাননার অভিযোগের বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ব্যাখ্যা দেওয়ার দিন ৪ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়েছে।