দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রাজধানীর তুরাগ থানার কামারপাড়াসংলগ্ন তালতলা এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে মাছ ও সবজি কিনতে ট্রাকে করে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। কামারপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছার পর তাঁদের বহনকারী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাছ ও সবজি বিক্রেতাদের বহনকারী ট্রাকচালকের মৃত্যু হয়। আহত হন ১২ জন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় পথচারীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জিয়াউল করিম প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। অপর ট্রাকচালক পলাতক।