দুই ডাকাত আটক, ঢাকা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির সময় দুই ডাকাতকে আটক করেছে জনতা। পরে মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতির ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ইসলামাবাদ এলাকায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।আটক দুজন হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের জসিমউদ্দিন ও সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের জামির হোসেন। তাঁদের বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন বলেন, আজ সকাল সাড়ে পাঁচটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল মহাসড়কে ব্লক ফেলে বিভিন্ন বাসে ডাকাতি শুরু করে। এ সময় চালক, যাত্রী ও স্থানীয় জনতা ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে সরাইল থানা-পুলিশের হাতে তুলে দেয়। এসময় মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতির প্রতিবাদে উত্তেজিত জনতা যানবাহন এলোপাতাড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেয়। সাড়ে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে সরাইল থানা থেকে পুলিশ গিয়ে মহাসড়কে সকাল আটটা পর্যন্ত টহল পুলিশ রাখার কথা জানালে জনতা অবরোধ প্রত্যাহার করে।ওসি গিয়াসউদ্দিন আরও জানান, আটক দুই ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত ডাকাত। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।