দুই ডিসিসিতে আসছেন নতুন প্রশাসক, নির্বাচন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অচিরেই হচ্ছে না। সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে আদালত দেড় মাস আগে নির্দেশনা দিলেও এখনো এ কাজ শুরুই হয়নি। বরং নির্বাচন কমিশন রুলের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এ নির্বাচন দীর্ঘ সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মূলত রাজনৈতিক কারণে সরকার এখন দুই সিটি করপোরেশনের নির্বাচন করতে চায় না। এ জন্য নানাভাবে তারা নির্বাচন পিছিয়ে দিতে চায়।এদিকে আইনি জটিলতার আশঙ্কায় দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করা হচ্ছে। আজ বৃহস্পতিবারই এ নিয়োগ হতে পারে। আইন অনুযায়ী, বর্তমান দুই প্রশাসকের মেয়াদ আজই শেষ হচ্ছে। সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে গত বছরের ২৯ নভেম্বর সংসদে আইন পাস করে। আইনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। কিন্তু বিদায়ী নির্বাচন কমিশন শেষ মুহূর্তে নির্বাচন করতে অনীহা দেখালে আবার আইন সংশোধন করে নির্বাচন করার সময়সীমা বাড়িয়ে ১৮০ দিন করা হয়। একই সঙ্গে প্রশাসকদের মেয়াদও ১৮০ দিন করা হয়। বর্তমান নির্বাচন কমিশন এসে গত ৯ এপ্রিল দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে কার্যক্রম শুরু করে। সে অনুসারে গত ২৪ মে ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট হলে ১৫ এপ্রিল আদালত নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে কিছু নির্দেশনা দেন। কিন্তু নির্দেশনা অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করার কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা শিগগিরই রুলের জবাব দেব। আদালতের রায়ের ওপরই নির্বাচনের সময়সূচি নির্ভর করছে।’সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘যখন ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয়, তখনই আমরা সন্দেহ করেছিলাম নির্বাচন হবে কি না। মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর হয়ে গেলেও নির্বাচন হচ্ছে না। এটা গণতান্ত্রিক দেশে খুবই দুঃখের কারণ। আমি বলব ঢাকাসহ অন্যান্য সব স্থানীয় সরকারের নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত।’নির্বাচন বিলম্বিত হওয়া বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন না দেওয়ার পেছনে রাজনৈতিক কারণ আছেই। কারণ, বর্তমানে দেশে যে উত্তপ্ত পরিস্থিতি চলছে তাতে এ মুহূর্তে সরকারের জন্য নির্বাচন দেওয়া ঝুঁকিপূর্ণ। এ মুহূর্তে নির্বাচন দেওয়া নিয়ে তাঁদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে।’ এদিকে অতিরিক্ত সচিব আবদুল মালেক জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে অতিরিক্ত সচিব পর্যায়ের দুজন কর্মকর্তাকে প্রশাসক নিয়োগের জন্য ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আবদুল মালেক বলেন, ‘আশা করছি, বৃহস্পতিবারের (আজ) মধ্যে এ নিয়োগ সম্পন্ন হবে।’বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসনের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘আইনি বাধ্যবাধকতা অনুযায়ী অতি শিগগির নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আজ-কালের মধ্যেই সেটা হতে পারে।’ স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুজনের নাম প্রধানমন্ত্রীর কাছে যাবে। সেখান থেকে আনুষ্ঠানিকতা শেষে ওই দুই কর্মকর্তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হবে। কালকের (আজ বৃহস্পতিবার) মধ্যেই নিয়োগ সম্পন্ন করা হবে। ঝুলে গেল রংপুর সিটির ঘোষণা: সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরও রংপুরকে সিটি করপোরেশন করার কাজ ঝুলে গেছে। স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র বলেছে, ‘রাজনৈতিক কারণেই’ ঝুলে গেছে তা। কারণ, রংপুরে আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টির অবস্থান ভালো থাকায় এ মুহূর্তে নির্বাচন দিলে ফল আওয়ামী লীগের বিপক্ষে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সরকার বিভাগের একাধিক সূত্র বলেছে, প্রস্তুতি শেষ করে রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার জন্য একটি সারসংক্ষেপ গত ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। কিন্তু সেটির অনুমোদন না করে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। প্রায় ছয় মাস হয়ে গেলেও এরপর এ নিয়ে আর কোনো অগ্রগতি নেই। সিটি করপোরেশনের ঘোষণা না হওয়ায় রংপুরের জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেখানে এখন হরতালসহ বিভিন্ন ধরনের আন্দোলন চলছে। উত্তরাঞ্চলে বাড়ি আওয়ামী লীগের এমন একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, ‘নাগরিক সেবা বৃদ্ধির জন্য অবিলম্বে রংপুর সিটি করপোরেশন হওয়া দরকার।’ গাজীপুর সিটিও পিছিয়ে গেছে: গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য টঙ্গী পৌরসভার সঙ্গে পূবাইল ও গাছা ইউনিয়ন এবং গাজীপুর পৌরসভার সঙ্গে কাশিমপুর, কাউলতিয়া, বাসন ও কোনাবাড়ি ইউনিয়ন অন্তর্ভুক্ত করে শহর এলাকা ঘোষণার জন্য গেজেট প্রকাশ করা হয় গত বছরের ১৯ অক্টোবর। কিন্তু এখনো গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হচ্ছে না। এখানে আওয়ামী লীগের অবস্থা তুলনামূলক ভালো থাকলেও দলীয় কোন্দল রয়েছে, যা সরকারের নেতিবাচক মনোভাবের অন্যতম কারণ বলে অনেকে মনে করেন। বর্তমান পৌর মেয়র আজমতউল্লাহ খানের পাশাপাশি ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর কবির খান মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহী। রংপুর ও গাজীপুর সিটি করপোরেশন কেন ঘোষণা করা হচ্ছে না, জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেক বলেন, ‘এটা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত’। একই বিভাগের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আমরা প্রস্তুত আছি। সরকারের শীর্ষ পর্যায় থেকে যখনই বলা হবে, তখনই সিটি করপোরেশনের ঘোষণা দেওয়া হবে।’