দুই ডিসিসিতে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন দুজন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে উত্তরে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা এবং দক্ষিণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিল্লার রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।কিছুক্ষণ আগে এই নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আদালত তিন মাসের জন্য স্থগিত করে কিছু নির্দেশনা দিলেও প্রশাসকের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ জন্য আইন-নির্ধারিত সময় অনুযায়ী বর্তমান দুজন প্রশাসকের মেয়াদ আজ শেষ হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে নতুন দুজন প্রশাসক নিয়োগ করা হয়।এদিকে বিদায়ী দুই প্রশাসকের মধ্যে দক্ষিণের মো. খলিলুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ে এবং উত্তরের খোরশেদ আলম চৌধুরীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।