দুই তদন্ত কমিটির বেশির ভাগ সুপারিশই বাস্তবায়িত হয়নি
বিডিআর বিদ্রোহের পরে গঠিত দুটি তদন্ত কমিটির অধিকাংশ সুপারিশ বাস্তবায়িত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনী পৃথকভাবে এ দুটি কমিটি গঠন করে। দুটি কমিটিই এ ঘটনার তদন্ত ও ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে, সে ব্যাপারে বেশ কিছু সুপারিশ করে।সূত্র জানায়, বিদ্রোহের সঙ্গে জড়িত বিডিআর সদস্যরা কে, কী ধরনের অপরাধ করেছেন বা তাঁদের চারিত্রিক, মানসিক ও পারিবারিক পরিচিতি কী রকম—তা নিয়ে একটি ‘তথ্য ব্যাংক’ করার সুপারিশ করেছিল বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত সেনা তদন্ত আদালত। এতে বলা হয়েছিল, অন্যান্য বাহিনীতে ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ হলে তা প্রতিরোধে এই তথ্য ব্যাংক আগাম প্রস্তুতি হিসেবে সহায়ক ভূমিকা রাখবে। জানা গেছে, অনেক দিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সুপারিশ বাস্তবায়িত না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিডিআরের সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের নির্দেশেই এসব কমিটি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশই যদি বাস্তবায়িত না হয়, তবে কমিটি গঠনই অর্থহীন হয়ে যাবে। সাধারণ মানুষ এতে আস্থা হারাবে। তারা মনে করবে, এসব কমিটির কাজের কোনো মূল্যায়ন করা হয় না। সাধারণ মানুষ মনে করেন, তদন্ত কমিটির মানেই হলো ঘটনা ধামাচাপা দেওয়া। এ ক্ষেত্রে যেন সেটা না হয়, সে কারণে সরকারের উচিত সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বলেছেন, দুটি কমিটির সুপারিশের পর বিডিআরের নাম ও বাহিনীর জন্য নতুন একটি আইন হয়েছে। অভিযুক্ত সদস্যদের বিচার শুরু হয়েছে। তবে দুই কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সেনা আইনে করার সুপারিশ করা হলেও উচ্চ আদালতের মতামতের পর সরকার প্রচলিত আইনে এর বিচার শুরু করে। নিহত সেনা কর্মকর্তাদের পরিবার আর্থিক সুবিধাও পেয়েছে। আরও অনেক সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে।আনিস-উজ-জামান কমিটির সুপারিশ: পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। ২০০৯ সালের ৩ মার্চ থেকে এ কমিটি কাজ শুরু করে। চার দফা সময় বাড়ানোর পর ওই বছরের ২১ মে কমিটি তাদের প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জমা দেয়। কমিটি স্বল্প ও দীর্ঘমেয়াদি ২৩ দফা সুপারিশ করে। স্বল্পমেয়াদি সুপারিশের মধ্যে রয়েছে: সেনা আইনে দ্রুত বিচার, বিডিআরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার, নিহতদের পরিবারকে পুনর্বাসন, অশনাক্ত মৃতদেহ শনাক্ত করা, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, হতাহত সামরিক ও বেসামরিক লোকদের ক্ষতিপূরণ দেওয়া।দীর্ঘমেয়াদি সুপারিশের মধ্যে ছিল: এ ধরনের জাতীয় সংকট মোকাবিলার জন্য সর্বোচ্চ পর্যায়ে একটি ‘জাতীয় সংকট মোকাবিলা কমিটি’ গঠন করা। এ ছাড়া বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র যথাসময়ে উদ্ঘাটনে ব্যর্থতা এবং বিদ্রোহ দমনে সময়োপযোগী সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।জানা গেছে, জাতীয়ভিত্তিক একটি কমিটি হলেও বিদ্রোহে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতার ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে তিন বাহিনীর সমন্বয়ে একটি দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী গঠনের কাজও এগোয়নি বলে জানা গেছে।সেনা তদন্ত আদালত: বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে তৎকালীন কোয়ার্টার মাস্টার লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত আদালত গঠন করা হয়। ২০০৯ সালের ১১ মে এ আদালত তাঁদের প্রতিবেদন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের কাছে হস্তান্তর করেন। ওই আদালতের প্রতিবেদনে উল্লিখিত সুপারিশের মধ্যে ছিল: সব বাহিনীতে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড করে আইন তৈরি করা। এর মধ্যে বিডিআরের জন্য নতুন একটি আইন হয়েছে। সে আইনে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। বিদ্রোহের ব্যাপারে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলোকে আধুনিক, যুগোপযোগী ও সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান এবং পুনর্গঠনের সুপারিশ করা হয়। জানা গেছে, ওই ঘটনার পরে কিছু কর্মকর্তাকে বদলি করা হয়। এ ছাড়া আর কিছুই করা হয়নি। এ ধরনের সংকট মোকাবিলায় জাতীয়ভিত্তিক একটি স্থায়ী ‘ব্যবস্থাপনা সেল’ গঠনের সুপারিশ করা হয়।সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ: দুই কমিটির সুপারিশের ব্যাপারে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এ সময়ের মধ্যে পুনর্গঠনের অনেক কাজ এগিয়ে গেছে। বিশেষ করে, বাহিনীর ভেতরে অনেক ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন চারটি রিজিয়ন ও ১১টি ব্যাটালিয়ন হচ্ছে। মামলার বিচারও অনেক এগিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিডিআর বিদ্রোহে একটি অভিযোগ ছিল গোয়েন্দা ব্যর্থতার। জাতীয় পর্যায়ের তদন্ত কমিটি সুপারিশেও তা উল্লেখ করা হয়েছিল। ওই ঘটনার পরে বর্তমানে বাহিনীর প্রতিটি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়েছে। পিলখানাসহ সব সেক্টর সদরে অস্ত্র ও গোলাবারুদ স্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। বর্ডার গার্ড সিকিউরিটি ইউনিটের (বিজিএসইউ) কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। এ ছাড়া ডিজিএফআই এবং এনএসআইয়ের সঙ্গে সব সময় সমন্বয় করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সব বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় গোয়েন্দা সেল করার প্রস্তাব সরকারের বিবেচনায় আছে।