দুই-তৃতীয়াংশ ভোট পেলে ক্ষমতার অপব্যবহার হয়: ড. কামাল
সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেই সংবিধানে অহেতুক কাটাছেঁড়া এবং ক্ষমতার অপব্যবহার হয় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। এ বিষয়ে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে অবশ্যই ক্ষমতায় আনতে ভোট দেবে, কিন্তু তা যেন দুই-তৃতীয়াংশ থেকে অন্তত একটি আসন কম হয়।’ আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাঙলার পাঠশালা আয়োজিত ড. কামাল হোসেনের লেখা ‘বাংলাদেশ: স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে’ শীর্ষক গ্রন্থের আলোচনা অনুষ্ঠানে ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।ছাত্রদের এক প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, তিনি বর্তমান সরকারের পঞ্চদশ সংশোধনী সমর্থন করেন না। এ ছাড়া সংবিধানের বেশ কিছু সংশোধনীকে ‘অহেতুক’ উল্লেখ করে তিনি বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা একটি দলকে ক্ষমতার অপব্যবহারের সুযোগ এনে দেয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া’ গণতন্ত্রের জন্য কেন প্রয়োজন—এর উত্তরে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, ‘এই অনুচ্ছেদের আর দরকার নেই। এটি সাংসদদের বোকা বানিয়ে দিয়েছে।’ ড. কামাল জানান, বঙ্গবন্ধুর শাসনামলে সংবিধানের চতুর্থ সংশোধনীকে তিনি সমর্থন করেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, চতুর্থ সংশোধনীর সময়েও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে সব ক্ষমতা একটি পদেই কেন্দ্রীভূত করার অপচেষ্টা হয়েছিল। সভার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ড. কামালের এই বইটি নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার প্রেরণা ও শক্তি জোগাবে। তাঁদের উজ্জীবিত করবে ভবিষ্যত্ বাংলাদেশের হাল ধরতে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে ড. কামালের লেখা এ গ্রন্থ একটি নতুন মাত্রা যোগ করবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ প্রমুখ।