দুই দফা ওয়াকআউট, তবে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি
দুই দফা ওয়াকআউট করলেও প্রধান বিরোধী দল বিএনপি গতকাল সোমবার প্রথমবারের মতো রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব বিষয়ে আলোচনায় অংশ নেয়। তবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকালও সংসদ অধিবেশনে যাননি।অধিবেশনের শুরুতে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি এবং আক্রমণাত্মক ভাষায় সরকারের সমালোচনা করলে অধিবেশনে উত্তেজনার সৃষ্টি হয়।প্রথম দফায় অধিবেশনের শুরুতেই বিএনপির সাংসদ মওদুদ আহমদকে কথা বলার সুযোগ না দেওয়ায় বিএনপি ওয়াকআউট করে। এরপর অধিবেশন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সরকারি দলের নজরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে দ্বিতীয় দফা ওয়াকআউট করে তারা। নজরুল ইসলাম তাঁর বক্তব্যে খালেদা জিয়ার পোশাক-পরিচ্ছদ ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললে বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর তাঁরা ওয়াকআউট করেন।ধন্যবাদ প্রস্তাব: আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণকে জাতির জন্য দিকনির্দেশনামূলক আখ্যায়িত করে বলেন, এটি দেশের উন্নয়নের সনদ। তাঁরা বিরোধী দলের সমালোচনা করে বলেন, সংসদ নিয়ে তারা নাটক করছে। তারা আসছে আর যাচ্ছে।আর বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণকে বিগত সরকারের বিরুদ্ধে কুত্সামূলক আখ্যায়িত করে বলেন, এটি দলীয় ভাষণ ছাড়া আর কিছুই নয়। গোটা জাতিকে নিয়ে একসঙ্গে কাজ করার কোনো প্রেরণা এ ভাষণে নেই।ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সরকারি দলের এম এ মান্নান, খান টিপু সুলতান, আবদুল্লাহ আল ইসলাম, নজরুল ইসলাম এবং বিরোধী দলের জয়নাল আবদিন ফারুক, সৈয়দা আশিফা আশরাফী, নিলুফার ইয়াসমীন ও জামায়াতে ইসলামীর আ ন ম শামসুল ইসলাম।ওয়াকআউট: স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন বেলা সোয়া তিনটায় শুরু হয়। স্পিকার শুরুতেই পয়েন্ট অব অর্ডারে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার না করতে সরকারি ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।পয়েন্ট অব অর্ডারে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সরকারি দল জিয়াউর রহমানের মতো জাতীয় নেতাদের চরিত্র হনন করে বক্তব্য দিচ্ছে। অথচ স্বাধীনতার পর আওয়ামী লীগ বাকশাল কায়েম করে ৪০ হাজার মানুষ হত্যা করেছিল। সে কারণে শেখ মুজিবকেও খুনি বলা যায়। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সামনে বোমা পাওয়া নিয়ে সংসদে আলোচনা করতে হবে। কারণ বিরোধীদলীয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ, উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদপত্রে খবর বেরিয়েছে। তা নিয়ে আমরা আলোচনা করতে চাই।’স্পিকার বলেন, ‘এক পক্ষ কটূক্তি করলে অন্য পক্ষও করবে। এখন সরকারি দল আবার তারেক রহমানের কথা বললে কী হবে। তাই কটূক্তি না করলেই ভালো।’ তিনি বলেন, কুরুচিপূর্ণ সব বক্তব্য এক্সপাঞ্জ করা হবে।এরপর সংসদের চিফ হুইপ আবদুস শহীদ বিএনপির সাংসদের বক্তব্যকে অশালীন, বিদ্বেষমূলক ও অসত্য আখ্যায়িত করে তা এক্সপাঞ্জ করার দাবি জানান। তিনি বলেন, রমনার বটমূল ও উদীচী বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।এ সময় বিএনপির মওদুদ আহমদ ফ্লোর চাইলে স্পিকার বলেন, ‘আজ অধিবেশনের শুরুতেই আমি দুজনকে ফ্লোর দেওয়ার জন্য রুলিং দিয়েছি। আপনি কাল বলবেন।’ কিন্তু মওদুদকে ফ্লোর না দেওয়ার প্রতিবাদে বিএনপি ওয়াকআউট করে। ১০ মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসে।সংসদে ফিরে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেয়। কিন্তু অধিবেশনের শেষ পর্যায়ে সরকারি দলের নজরুল ইসলাম তাঁর বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘খালেদা জিয়া পাতলা শাড়ি পরে মেকআপ করে সরকারের সমালোচনা করেন। তাঁর কাজ দেশসেবা নয়, ভোগবিলাস আর দুর্নীতি তাঁর কাজ।’ তিনি বিএনপির শহীদ উদ্দিন চৌধুরীর বক্তব্যের পাল্টা হিসেবে জিয়াউর রহমানকেও খুনি বলেন। এই বক্তব্যের পর বিরোধী দল আবার ওয়াকআউট করে।নামবদল: বিএনপির সাংসদদের মধ্যে একমাত্র সৈয়দা আশিফা আশরাফী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে বক্তব্য দেন। এ পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা করে জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করছে সরকার। কিন্তু এ উদ্যোগ জনগণ মেনে নেবে না।