দুই দফা চাঁদাবাজদের হামলার শিকার ব্যবসায়ী
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাতে হাফিজুর রহমান (৪২) নামের এক ব্যবসায়ী দুদফা চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন।গতকাল রাতে সন্ত্রাসীরা প্রথমে দোলাইরপাড়ে নির্মাণাধীন বাড়িতে ঢুকে দুই লাখ টাকা চাঁদার জন্য হাফিজুর রহমানকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে শ্যামপুর থানায় মামলা করতে যাওয়ার পথে ওই সন্ত্রাসীরাই তাঁকে আবার মারধর করে। পরে আহত হাফিজুর রহমানকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। হাফিজুর অনলাইন একটি সংবাদপত্রের সাংবাদিক বলেও জানা গেছে। তিনি আজ শুক্রবার প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, গতকাল রাত নয়টার দিকে জুরাইনের শাকিল ও সোহাগের নেতৃত্বে চার সন্ত্রাসী পশ্চিম দোলাইরপাড়ে তাঁর নির্মাণাধীন বাড়ির দোতলায় ঢোকে। তারা তাঁদের দুই সহযোগীকে পুলিশে ধরিয়ে দেওয়ায় হাফিজুর রহমানকে সন্দেহ করে। এ সময় সন্ত্রাসীরা তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চলে যায়। হাফিজুর রহমান অভিযোগ করেন, রাত ১০টার দিকে তিনি শ্যামপুর থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে জুরাইন খন্দকার রোডে ওই সন্ত্রাসীরা তাঁকে আবারও মারধর করে। খবর পেয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম তাঁকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। এসআই মহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সন্ত্রাসী মাসুদকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে তার সহযোগীরা হাফিজুর রহমানের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসী মাসুদকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে ওই সন্ত্রাসীরা হাফিজুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা চায়। এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, হাফিজুর রহমান অভিযোগ দিলে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।