দুই দফা টেন্ডারেও কাজ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের গোপালনগর-ডিগ্রিরচর রাস্তার বিশারদিয়াড় খালের ওপর ব্রিজের নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। ওই ব্রিজের নির্মাণকাজের জন্য এলজিইডি দুই দফা দরপত্র আহ্বান করেও কাজ শেষ করতে পারেনি। কার্যাদেশপ্রাপ্ত দুই ঠিকাদার নির্মাণকাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন। ফলে খালের দুই পাড়ের ১২ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, গোপালনগর ইউনিয়ন সদর থেকে ডিগ্রিরচর পর্যন্ত পাকা রাস্তায় বিশারদিয়াড় খালের ওপর ৬৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৪-০৫ অর্থবছরে ৪৬ লাখ ৫৩ হাজার টাকা ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। কার্যাদেশে ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। এ জন্য প্রথম দফায় ওই কাজে বগুড়ার মেসার্স পরিমল কুমার শিং কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দেরিতে কাজ শুরু করে। ব্রিজ নির্মাণের জন্য মাত্র চারটি পিলারের অর্ধেক কাজ করে ২৩ লাখ টাকা বিল তোলে প্রতিষ্ঠানটি। পরে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধির অজুহাতে ঠিকাদার অসমাপ্ত রেখেই কাজ ছেড়ে দেয়। ব্রিজের কাজ অসমাপ্ত থাকায় ওই সড়কে চলাচলকারী পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তী সময়ে ব্রিজের কাজ শেষ করতে ২০০৯ সালে সরকার অতিরিক্ত ২৪ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ দেয়। সে অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ২০০৯ সালে দরপত্র আহ্বান করা হয়। দ্বিতীয় দফায় ব্রিজের নির্মাণকাজের জন্য বগুড়ার এম এহতেশামুল হক কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু তারা কাজ শুরু না করেই চলে গেছে। বর্তমানে বিশারদিয়াড়সহ ১২টি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশারদিয়াড় গ্রামের আয়নাল হক বলেন, ‘আমাই গোরে খালডার ওপর ব্রিজটা হইলে মেলা মানুষ এইহান দিয়া যাইতে পারত। কিন্তু ঠিকাদারেরা কাজ না হইরা চইলা যাওয়ানোর লাইগা কাজডা হইলো না। পানির মধ্যে কয়ডা পিলার থাকোনে সেখানে নৌকাও ভেড়ান যায় না। আবার হাইটাও পার হওন যায় না। দুইমুড়া রাস্তাডা পাকা হইছে। কিন্তু ব্রিজটা না হওনের লাইগা এই পথ দিয়া এলাকার মানুষ চলাচল করতে পারে না।’ওই গ্রামের আবুবকর নামের এক কৃষক বলেন, ‘এহেনে খালি ইনকরি হয়। কাজ হয় না। আমি চেয়ারমেনক কই ছিলাম, এহনে ব্রিজডা হইলে গায়ের মানুষগো আমি খাসি মাইরা খাওয়ামু। কিন্তু তাও হইলো না। ঠিকাদারেরা কাজ করতে আইসা কয়ডা পিলার কইরা চইলা গেছে।’ এলাকাবাসী জানান, এ অবস্থায় একডালা, ডিগ্রিরচর, সাতটিকুরি, গজিয়াবাড়ী, বলারবাড়ী, গোপালনগর, বিশারদিয়াড়সহ ১০ থেকে ১২টি গ্রামের মানুষ চলাচল করতে পারছে না। গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আমি এ এলাকার মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।উপজেলা প্রকৌশলী আবদুর রশিদ বলেন, দুই দফা টেন্ডার আহ্বান করি। সেই মোতাবেক চারটি পিলারের কাজও অনেকটা হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণসামগ্রীর দাম বাড়ার কথা বলে কাজ অসমাপ্ত রেখেই চলে গেছে। দ্বিতীয় দফাও একই অবস্থার সৃষ্টি হয়েছে।ব্রিজ নির্মাণকাজের ঠিকাদার গোলাম রহমান বলেন, স্থানীয়ভাবে ব্যাপক সমস্যা ছিল। কেউ আমাকে সহযোগিতা করেনি। তা ছাড়া ব্রিজের নির্মাণসামগ্রী বহন করতে যোগাযোগের সমস্যা ছিল। কাজ করে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা বেশি ছিল। তাই কাজটি না করে ছেড়ে দিয়েছি।