দুই দফা দরপত্র গ্রহণের পরও সেতু হয়নি
নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদীর ওপর খোকসার ঘাট সেতু নির্মাণে দুই দফা দরপত্র গ্রহণের পর এক যুগেও কাজ শেষ হয়নি। ফলে বিচ্ছিন্ন হয়ে আছে দুই উপজেলার সহজ যোগাযোগব্যবস্থা। সেতুটি না হওয়ায় ডিমলা ও ডোমার উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষকে ১৫ কিলোমিটার অতিরিক্ত পথ পারি দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র মতে ১৯৯৮-৯৯ অর্থবছরে ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দর খাতা গ্রামে বুড়ি তিস্তা নদীর ওপর খোকসারঘাটে দুই কোটি ৩২ লাখ সাত হাজার টাকা ব্যয়ে ১০৭ দশমিক ৫৬ মিটার সেতু নির্মাণের কাজ শুরু করা হয়।ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স ইউনুস ব্রাদার্স পাঁচটি অর্থবছরে ২০০৫ সাল পর্যন্ত প্রায় ৯৭ লাখ টাকার বিল নিয়ে কাজের প্রায় ৪২ শতাংশ কাজ করার পর নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ও সময়মতো অর্থ ছাড় না পাওয়ায় তাদের বাকি কাজ সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করে চলে যায়।ডিমলার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের কৃষক আ. মান্নাফ (৫৫) বলেন, ‘ব্রিজটা চাইছিলাম বলে আমরা জমি দিছি, তারা কাম শুরু করতে পারছে। কিছু আমরা যে জমি দিছি তার টাকা (ক্ষতিপূরণ) এখনো পাই নাই।’ তিনি বলেন, ওই ব্রিজ ও রাস্তার জন্য সরকার ২৫ বিঘা জমি নিছে।নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, এত দিন বরাদ্দের অভাবে সেতুটির কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। এর আগের ঠিকাদার কাজটি শেষ করতে অপারগতা প্রকাশ করায় চলতি অর্থবছরে দুই কোটি ১২ লাখ টাকা ব্যয়ে কাজটি শেষ করতে দরপত্র নেওয়া হয়েছে। ১০ মাসের সময় সীমা দিয়ে গত ১ ফেব্রুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন ফার্মকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা এখনো কাজ শুরুই করেনি। মুঠোফোনে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নূরুল হাসান বলেন, ‘ঠিকাদার আমার বড়ভাই। আমরাই মালিক।’ তিনি বলেন, ‘আমাদের আরও অন্যান্য কাজের বিল না পাওয়ায় কাজটি শুরু করতে পারছি না। তবে আশা করছি, আগামী মাসের ১৫-২০ তারিখের মধ্যে কাজ শুরু করতে পারব।