দুই দফা ধস, টানা অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার কেলেঙ্কারি আবারও আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে যুক্ত হয়েছে। সরকারের প্রথম দুই বছরের বেশির ভাগ সময়ে কেলেঙ্কারির ক্ষেত্র তৈরি হয়েছে, আর তৃতীয় বছরে নেমেছিল ব্যাপক ধস।১৯৯৬ সালের পর এটাই বাংলাদেশের ইতিহাসে শেয়ারবাজারের দ্বিতীয় ধস। ওই সময়েও ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।শেয়ারবাজারে চাঙাভাব শুরু হয়েছিল ২০০৭ সালে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। তবে ওই সরকারের দুই বছরে বাজারের সূচক বাড়ে স্বাভাবিক গতিতে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল বাজারের উল্লম্ফন।এ সময় সরকারের ছত্রচ্ছায়ায় বিভিন্ন মহল রীতিমতো আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে। রাতারাতি ধনী হওয়ার আকাঙ্ক্ষায় এসব বিনিয়োগকারী শেয়ারবাজারকে বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে ধরে নেয়। আর এ সুযোগটাই নেয় কারসাজিকারীরা। এর অনিবার্য পরিণতি হিসেবে বাজারে নামে বড় ধস। তিন বছরে শেয়ারবাজার নিয়ে সরকারের নীতিনির্ধারকেরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উত্থানের সময়েও তাঁরা ছিলেন ব্যর্থ, পতনেও ছিলেন ব্যর্থ। ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘তিন বছরে শেয়ারবাজারে আমরা একধরনের ব্যবস্থাপনা দুর্বলতা ও সমন্বয়হীনতা দেখেছি। এ কারণে তিন বছরে বাজার স্বাভাবিক গতি বা অবস্থা দেখতে পায়নি। বাজার যখন বাড়ছিল, তখন নানা মহল নানাভাবে সেটিকে আরও ত্বরান্বিত করেছে। এ সময় এসইসি যেমন তার দিক থেকে নানা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তেমনি বাংলাদেশ ব্যাংকও সময়মতো ব্যাংকগুলোর আইনি সীমার অতিরিক্ত বিনিয়োগকে আটকাতে ব্যর্থ হয়েছে।’ ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘বাজারের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতির চূড়ান্ত ফলটি ২০১১ সালের শুরুতে আমরা দেখলাম। সেটি অনেকটা অনিবার্যও ছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম কৃত্রিমভাবে পতন ঠেকানোর নানা উদ্যোগ। সেখানেও বাজারের স্বাভাবিক আচরণটি ঘটতে দেওয়া হলো না। এর ফলে সাময়িকভাবে পতন ঠেকিয়ে বাজার বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর টিকল না। এর জন্য নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা, সরকারের ব্যবস্থাপনা দুর্বলতা ও সমন্বয়হীনতা যেমন দায়ী, ঠিক তেমনি বিনিয়োগকারীদের অনভিজ্ঞতাও দায় এড়াতে পারে না।’২০০৯ সালের ৬ জানুয়ারি সরকারের দায়িত্ব গ্রহণের দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ছিল দুই হাজার ৭৫৭ পয়েন্টে। তবে ২০০৯ সালে ফেব্রুয়ারির শুরুতে প্রায় এক মাসের ব্যবধানে ডিএসইর সাধারণ সূচক প্রায় সাড়ে ৩০০ পয়েন্ট কমলে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এসইসির সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংককে দিয়ে সরকার বাজার থেকে শেয়ার কেনা শুরু করে। ওই বছরই তালিকাভুক্ত হয় টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। সব মিলিয়ে ২০০৯ সালের ৩০ ডিসেম্বর ডিএসইর সূচক বেড়ে প্রায় সাড়ে চার হাজার পয়েন্টে দাঁড়ায়। এরপর ২০১০ সালে বাজারে বিনিয়োগকারী টানতে তেমন কোনো বেগ পেতে হয়নি। ব্যাংকের আমানত ও সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস এবং বিনিয়োগ স্থবিরতার কারণে নিয়মনীতি ভেঙে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান ও শিল্পপতি-ব্যবসায়ীরা বাজারে বিনিয়োগ শুরু করেন। বিনিয়োগকারী ও টাকার জোয়ারে ২০১০ সালের প্রায় পুরো সময়েই শেয়ারবাজারের একের পর এক রেকর্ড ভাঙা-গড়া চলতে থাকে। ২০১০ সালের ৩ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বরে ডিএসইর সাধারণ সূচক প্রায় তিন হাজার ৭৫৪ পয়েন্ট বা ৮২ শতাংশ বেড়ে দাঁড়ায় আট হাজার ২৯০ পয়েন্টে। ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইর সাধারণ সূচক পুঁজিবাজারের ইতিহাসের সর্বোচ্চ আট হাজার ৯১৯ পয়েন্টের অবস্থানে ওঠে। দৈনিক গড় লেনদেন ছাড়িয়ে যায় তিন হাজার ২৫০ কোটি টাকা। এ অবস্থায় বাজারে চাহিদা ও জোগানের মধ্যে চরম ভারসাম্যহীনতা তৈরি হলে ধস অনিবার্য হয়ে ওঠে। বাজারসংশ্লিষ্টরা প্রথম দফা ধস অনিবার্য হিসেবে মেনেও নিলেও গত জুলাই মাস থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা ধসকে অপ্রত্যাশিত বলছেন। ফলে শেয়ারবাজার হয়ে ওঠে পুঁজি হারানোর বাজার। বছরজুড়েই রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনের সড়ক দখলে রাখেন পুঁজি হারানো বিনিয়োগকারীরা। সারা জীবনের সঞ্চয় হারিয়ে আত্মহত্যার ঘটনাও এ সময় ঘটেছে। ২০১০ সালের ৫ ডিসেম্বর যেখানে ডিএসইর সাধারণ সূচক ছিল আট হাজার ৯১৯ পয়েন্টে, ২০১১ সালের ১৫ ডিসেম্বরে তা প্রায় চার হাজার পয়েন্ট বা ৪৪ শতাংশ কমে নেমে আসে পাঁচ হাজার পয়েন্টে। একই সঙ্গে দৈনিক গড় লেনদেন প্রায় ৯৩ শতাংশ এবং বাজার মূলধন ৩১ শতাংশ কমে গেছে।শেয়ারবাজার কেলেঙ্কারির কারণ খতিয়ে দেখতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে সরকার চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির প্রতিবেদনে ৩০ দফা সুপারিশ করা হয়। প্রতিবেদনে শেয়ারবাজারে ধসের জন্য নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতার অপব্যবহার, আইনি দুর্বলতা, প্লেসমেন্ট ব্যবসার নামে দুর্নীতি, একদল সংঘবদ্ধ বিনিয়োগকারীর কারসাজি, আইনের মধ্যে থেকে কিছুসংখ্যক উদ্যোক্তা ও কোম্পানির মালিকের অনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করা হয়। যদিও এসব সুপারিশের বড় অংশই সরকার বাস্তবায়ন করেনি। বরং সরকারের নিষ্ক্রিয়তার কারণে কারসাজিকারীরা উল্টো তদন্ত কমিটির চেয়ারম্যানের চরিত্রহননে ব্যস্ত থেকেছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, শেয়ারবাজারের অযাচিত ও মৌল ভিত্তিবিবর্জিত উত্থান কখনোই টেকসই হয় না। সেটি আবারও প্রমাণিত হলো। এসইসির এই সাবেক চেয়ারম্যান আরও বলেন, বাজারে যেসব ঘটনা ঘটেছে, তা থেকে সরকারের বেশ কিছু শিক্ষা নেওয়ার আছে। বাজারের গভীরতা কম থাকলে সেখানে নানাভাবে কারসাজির ঘটনা ঘটে। এ শিক্ষা থেকে সরকারের এখন উচিত কারসাজি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আর মৌল ভিত্তিসম্পন্ন ভালো শেয়ারের সংখ্যা বাড়ানো।