দুই দফা বৈঠকেও আ.লীগের প্রার্থী চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সকালে ও রাতে দুই দফা বৈঠকেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে শেষ পর্যন্ত সেলিনা হায়াত আইভী দলীয় সমর্থন পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সূত্রমতে, আজ প্রার্থী চূড়ান্ত হতে পারে। এ ক্ষেত্রে অপর প্রার্থী শামীম ওসমানকে ‘যথাযোগ্য মূল্যায়নে’র প্রস্তাব দেওয়া হতে পারে। তাঁকে নারায়ণগঞ্জের জেলা সভাপতির দায়িত্ব ছাড়াও মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়ার কথা ভাবা হচ্ছে।দলের পক্ষ থেকে আজ শামীম ওসমানকে নতুন এই প্রস্তাব দেওয়া হতে পারে। প্রস্তাব মেনে নিলে আজই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন, তা স্পষ্ট হয়ে যাবে। আর শামীম সেই প্রস্তাবে সম্মত না হলে কাউকেই সমর্থন দেওয়া হবে না। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে এ খবর পাওয়া গেছে।গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি যেভাবেই হোক, নারায়ণগঞ্জে একক প্রার্থী করার মনোভাব ব্যক্ত করেন। এ ক্ষেত্রে উভয়ের সম্মান বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আলোচনা হয় যে, সিটি নির্বাচনে আইভী সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। এমনকি কাউকে সমর্থন দেওয়া না হলেও আইভীর জয়ের পাল্লা ভারী। এ ক্ষেত্রে শামীম ওসমান নির্বাচনে পরাজিত হলে তাঁর রাজনৈতিক জীবন হুমকির মুখে পড়তে পারে। তাই দলের প্রতি তাঁর অবদান এবং প্রয়োজনীয়তায় তাঁকে কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।এর আগে গতকাল সকালে এই দুই মেয়র পদপ্রার্থীকে নিয়ে দলীয় নেতারা এক দফা বৈঠক করেছিলেন। এই বৈঠকে কোনো সমঝোতা হয়নি। আওয়ামী লীগের তিনজন নেতা শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর সঙ্গে পৃথক বৈঠক করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গুলশানের বাসভবনে এই বৈঠক হয়। এ সময় দলীয় নেতা ওবায়দুল কাদের ও মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন। প্রথমেই শামীম ওসমানের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের নেতারা। এরপর তাঁরা আইভীর সঙ্গে বসেন। জানা গেছে, উভয় প্রার্থী জয়ের ব্যাপারে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। একজন আবেগপ্রবণ হয়ে পড়েন। দুজনেই বলেছেন, তাঁরা জিতবেন। নির্বাচনী দৌড় থেকে কেউই সরতে রাজি হননি। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, নির্বাচনী আইন আমলে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনী ও সিটি করপোরেশন আইন অনুযায়ী, স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া যায় না। এখন প্রার্থী সমর্থন দেওয়া হলে তা বিদ্যমান আইনের লঙ্ঘন হবে কি না, সে ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।রাতে গণভবনে বৈঠক: রাতে গণভবনে প্রধানমন্ত্রী দলীয় সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে বলা হয়, তৃণমূল কাউন্সিলের জন্য জেলা ও উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে আজ সোমবার থেকে চিঠি দেওয়া শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন শেষ করার কথা বলা হবে। ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফসহ সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।