দুই দফায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দফায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ছয় ঘণ্টা বন্ধ ছিল।তবে কুয়াশা কেটে যেতে থাকায় আজ সকাল নয়টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।চলাচল বন্ধ থাকার সময় ফেরিতে ও বাসে থাকা যাত্রীদের তীব্র ঠান্ডা ও কুয়াশায় চরম দুর্ভোগ পোহাতে হয়। উভয় ঘাটে সহস্রাধিক গাড়ি আটকে পড়ে তৈরি হয়েছে যানবাহনের লম্বা লাইন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত্ কুমার সাহা জানান, কয়েক দিনের মতো গতকাল সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার পরিমাণ বেড়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে রাত একটার দিকে আবার চালু হয়। এরপর আবার ঘন কুয়াশা পড়তে শুরু করলে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এবং ভোর পাঁচটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় যানবাহন নিয়ে পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছিল।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক তানভির হোসেন জানান, দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৪ ডিসেম্বর থেকে গতকাল সকাল পর্যন্ত ৫৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।