নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দুই দল ছাত্রের সংঘর্ষে পাঁচ ছাত্র সাময়িক বহিষ্কার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার দুই দল ছাত্রের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তানজিন, আমির হামজা ও শিশির পাল নামে তিনজন ছাত্রকে নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে ছাত্রদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়েছে।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচজন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তাঁরা হলেন ফলিত রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল মাজেদ ভূঁইয়া, মো. মেহেদী হাসান, জহিরুল ইসলাম, মো. মিশকাতুর রহমান এবং মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের মো. রায়হান গোফরান। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আদনানকে একই বর্ষের আমির হামজাসহ কয়েকজন চড়-থাপ্পড় দেন, যা ওই দিনই শিক্ষকদের হস্তক্ষেপে মীমাংসা হয়। কিন্তু আজ সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের সামনে এলে আদনানের পক্ষের একদল ছাত্র বাসটিকে থামিয়ে কয়েকজন ছাত্রকে বাস থেকে নামিয়ে মারধর শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।প্রক্টর দেবাশীষ সাহা বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত পাঁচজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ বিকেলের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সামান্য ঘটনাকে সহিংসতায় রূপ দেওয়া একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাই শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সাময়িক বহিষ্কারের ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গেলে পরিস্থিতি শান্ত হয়। নতুন করে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে সে জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা আছে।