দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব ইসির নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, বড় দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নয়। কী ধরনের সরকার হবে বা কী পদ্ধতির সরকার থাকবে, তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা-বিষয়ক বৈঠক শেষে আজ মঙ্গলবার সিইসি নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুই দলের মনোভাব আপনারা দেখেছেন। সংসদে প্রধান দুই দল অন্য দলগুলোকে সঙ্গে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ বিএনপির উপনির্বাচন বর্জন করার বিষয়টিও রাজনৈতিক কৌশল বলে সিইসি মন্তব্য করেন। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, অতি শিগগির তার সমাধান হবে বলে সিইসি আশা প্রকাশ করেন। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা বলছে, কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে, সে বিষয়ে আগে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত এই বিতর্কের অবসান হবে।’ সিইসি জানান, নির্বাচন বিষয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ একই দিনে অনুষ্ঠিত হবে। নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি: নিবন্ধনে আগ্রহী নতুন রাজনৈতিক দলের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার জারি করা এই গণবিজ্ঞপ্তিতে দলগুলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ৯১২৯৮০৯ নম্বরে টেলিফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।