দুই দলেই অন্তর্দ্বন্দ্ব, বাগেরহাটের তিন পৌরসভাই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলার তিনটি পৌরসভাই ঝুঁকিপূর্ণ। পৌরসভা তিনটির ৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।কমিশন সূত্র জানিয়েছে, এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই পুলিশের পাশাপাশি মোরেলগঞ্জ পৌরসভায় নৌবাহিনী এবং বাগেরহাট সদর ও মংলা পৌরসভায় বিডিআর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।রিটার্নিং কর্মকর্তারা জানান, বাগেরহাট সদরে ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি, মোরেলগঞ্জের নয়টির মধ্যে সাতটি এবং মংলা পোর্ট পৌরসভার ১১টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। মেয়র পদে প্রার্থী সমর্থন দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানায়। এ ছাড়া বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রভাব খাটানোর আশঙ্কাসহ বিভিন্ন অভিযোগ করেছেন। এ জন্য ভোটের দিন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্মকর্তারা।জেলা বিএনপির সভাপতি এম এ সালাম অভিযোগ করেন, সদর পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তাঁদের প্রার্থীর নির্ধারিত এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন না হওয়ায় তাঁরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান।তবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোজাম্মেল হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘কোথাও কোনো সমস্যা নেই। সবকিছু ভালোভাবে চলছে। আশা করি, বাগেরহাটে সুষ্ঠু নির্বাচন হবে।’মোরেলগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সুব্রত কুমার শিকদার প্রথম আলোকে বলেন, সেখানে স্থানীয় প্রশাসন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত আছে। তার পরও কেন নৌবাহিনী দেওয়া হয়েছে, তা তিনি জানেন না। নির্বাচন কমিশন এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেনি।প্রধান দুই দলেই অন্তর্দ্বন্দ্ব: বাগেরহাট সদর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই একক প্রার্থী দিতে সক্ষম হয়েছে। কিন্তু উভয় দলেরই মূল সমস্যা অভ্যন্তরীণ কোন্দল। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র খান হাবিবুর রহমানের পক্ষে দলের একটি অংশ কাজ করছে না বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ফরিদ হাসান প্রার্থী হওয়ায় কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীকে। একইভাবে বিএনপির প্রার্থী আতাহার হোসেন আবু বড় মিয়ার ক্ষেত্রেও দলের একটি অংশ কাজ করছে না বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তবে স্থানীয় জামায়াত এখানে বিএনপিকে সমর্থন দিয়েছে।অভিযোগ রয়েছে, প্রধান দুই দলের একটি অংশ নিজ নিজ দলীয় প্রার্থীকে হারাতে সচেষ্ট রয়েছে।মোরেলগঞ্জ পৌরসভায় দুই দলেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা বারবার চেষ্টা করেও দলীয় একক প্রার্থী দিতে পারেননি। এখানে উভয় দলের চার প্রার্থীরই প্রভাব থাকায় ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।মংলা পৌরসভায় আওয়ামী লীগের তিনজন, বিএনপির দুজন ও জাতীয় পার্টির একজনসহ মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানেও দুই দলের একাধিক শক্ত প্রার্থী থাকায় এবং শ্রমিক-অধ্যুষিত হওয়ায় ভোটের দিনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে বাড়তি প্রস্তুতি আছে স্থানীয় প্রশাসনের।