দুই দলের সংলাপ চেয়ে করা রিটের শুনানি কাল
দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে রাজনৈতিক সংলাপের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয় গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুনানি গ্রহণ করেন। শুনানি নিয়ে আদালত কাল বুধবার আদেশের দিন ধার্য করেছেন।রাজনৈতিক সংকটের উত্তরণ এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে দুই নেত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠানের নির্দেশনা কেন দেওয়া হবে না, এ মর্মে রুল চেয়ে গত বৃহস্পতিবার একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনূস আলী আকন্দ রিটটি করেন। এতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। দৈনিক মর্নিং পোস্টের সম্পাদক হাবিবুল বাশার একই বিষয় নিয়ে আরেকটি রিট করেন। আজ আদালত দুপুরে এ আবেদনের শুনানি গ্রহণ করেন।আদালতে রিটের পক্ষে আইনজীবী মুহাম্মদ ইউনূস আলী আকন্দ ও হাবিবুল বাশার শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।